বগুড়া ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ১১ মে ২০২৩, ১১:০৯

বগুড়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১০ মে) রাত ৯টার দিকে সদরের নামুজা শাহপাড়া এলাকায় নিহতের বাড়ির অদূরে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক (৫৫) একই এলাকার মৃত নছির উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় হাটগুলোতে গরু কেনা-বেচা করতেন বলে জানা গেছে।

নিহতের ছেলে আতিকুল ইসলাম শুভ বলেন, সন্ধ্যায় আমার বাবা নামুজা চৌমুহনী হাটে গরু বিক্রি করতে যান। গরু বিক্রি শেষে সেখানেই স্থানীয় একটি মসজিদে এশার নামাজ আদায় করে আড়াই লাখ টাকা নিয়ে বাড়িতে ফিরছিলেন। বাড়ি থেকে সামান্য দূরত্বে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। তিনি দাবি করেন তার বাবার কাছে আড়াই লাখ টাকা ছিল।

নামুজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে যে আব্দুর রাজ্জাক স্থানীয় চৌমুহনী বাজারে গিয়েছিলেন। তবে তিনি গরু নিয়ে হাটে গিয়েছিলেন কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। রাতে তিনি মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। রাত ৯টার দিকে বাড়ি থেকে ১০০ মিটার দূরে শাহ্পাড়া এলাকায় পৌঁছার পর দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

বগুড়া সদর থানার ওসি মো. নূরে আলম সিদ্দিকী জানান, লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে ‍ৃ

ইত্তেফাক/আরএজে