নাফনদে নৌকায় মিললো আইস-ইয়াবা, মিয়ানমারের ২ যুবক গ্রেপ্তার

আপডেট : ১১ মে ২০২৩, ১২:৩৬

কক্সবাজারের টেকনাফের নাফ নদতে পৃথক অভিযান চালিয়ে সাত কেজি ৩৮২ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও দুই লাখ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় মিয়ানমারের দুই যুবককে গ্রেপ্তার করে বিজিবির সদস্যরা।

টেকনাফের নাফনদী সংলগ্ন কেওড়া বাগান এলাকা থেকে বুধবার (১০ মে) রাত ১০টার দিকে মাদকসহ ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো মিয়ানমার মংডু গ্রামপুরের মৃত আব্দুস সালামের ছেলে মো. রবি মোল্লা (২৩) ও একই গ্রামের আবুল কালামের ছেলে মো. আয়াছ (২৫)।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর আসে মিয়ানমার হতে বাংলাদেশে মাদকের চালান ঢুকতে পারে। এমন তথ্যে বুধবার রাত ১০টার দিকে ব্যাটালিয়ন সদর থেকে দুইটি বিশেষ টহলদল এবং দমদমিয়া বিওপি হতে একটি টহলদল টেকনাফ দমদমিয়া সংলগ্ন নাফ নদ এলাকায় অভিযান চালিয়ে একটি নৌকাসহ দুজন মিয়ানমারের নাগরিককে গ্রেপ্তার করা হয়। পরে নৌকা তল্লাশি করে জালের ভেতরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় পলিব্যাগে মোড়ানো দুইটি পোটলা থেকে সাত কেজি ৩৮২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৩০ হাজার পিস ইয়াবা ও ১০০ কেজি সুতার জাল জব্দ করা হয়।

রাত সাড়ে ১০টার দিকে সাবরাং ও নাজিরপাড়া বিওপির বিজিবির টহলদল নাফনদী সংলগ্ন কেওড়া বাগান এলাকায় পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন দুই লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

তিনি জানান, গ্রেপ্তার হওয়া মিয়ানমারের নাগরিকের বিরুদ্ধে ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা বহন ও পাচারের দায়ে নিয়মিত মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

এছাড়াও মালিকবিহীন ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয় বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

 

ইত্তেফাক/আরএজে