চট্টগ্রাম-কক্সবাজারে মোখার প্রভাব শুরু হবে শনিবার

আপডেট : ১১ মে ২০২৩, ১৮:০৩

বাংলাদেশে ঘূর্ণিঝড় মোখার প্রথম প্রভাব পড়বে আগামী শনিবার। মোখার প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলীয় এলাকায় বৃষ্টি শুরু হবে। ভারী বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। বৃহস্পতিবার (১১ মে) দুপুরে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান ব্রিফিংয়ে এ কথা বলেন। 

মো. আজিজুর রহমান জানান, মোখা আজ বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ আরও শক্তি অর্জন করে 'প্রবল ঘূর্ণিঝড়ে' পরিণত হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ ঘূর্ণিঝড় কেন্দ্রের আশপাশে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬২-৮৮ কিলোমিটার থেকে বেড়ে ৮৯-১১৭ কিলোমিটার হতে পারে।

মোখার গতিপথ। ছবি: আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে নেওয়া

ঘূর্ণিঝড়ের কেন্দ্র এখন ঘণ্টায় ৮ কিলোমিটার গতিতে এগিয়ে আসছে। গত ৩ ঘণ্টায় এটি ২৪ কিলোমিটার অগ্রসর হয়েছে। গতকাল এর গতি ছিল ঘণ্টায় ১৫-১৬ কিলোমিটার। গতি পরিবর্তন হওয়ায় ঘূর্ণিঝড়টি রোববার ঠিক কখন উপকূলে আঘাত হানবে সেটি সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না।

তিনি বলেন, জলোচ্ছ্বাসের উচ্চতা কত হবে সেটি নির্ভর করবে ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করার সময় জোয়ার নাকি ভাটা থাকবে সেটার ওপর। 

ইত্তেফাক/এএএম