ভোলায় ঘূর্ণিঝড় ‘মোখা‘ মোকাবিলায় তিন স্তরের প্রস্তুতি

আপডেট : ১১ মে ২০২৩, ১৮:৩১

ভোলায় ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় তিন স্তরের প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১১ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জেলা প্রশাসক তৌফিক ইলাহী চৌধুরী এ কথা বলেন। 

জেলা প্রশাসক বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য দুর্যোগের আগে, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী তিন স্তরের প্রস্তুতি নিয়েছি। ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলার সাত উপজেলায় ৭৪৬টি আশ্রয় কেন্দ্র ও ৬টি মুজিব কিল্লা প্রস্তুত করা হয়েছে। ৯৩টি মেডিকেল টিম, আটটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। এছাড়া ১৩ হাজার ৬০০ সিপিপি সদস্য ও প্রায় ৫ হাজার রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। 

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় মোকাবেলায় বর্তমানে জেলা প্রশাসনের কাছে নগদ ৮ লাখ টাকা, ৩৫০ মেট্রিক টন চাল, ১৬৪ বান্ডিল টিন ও ঘর নির্মাণের জন্য ৪ লাখ ৯২ হাজার টাকা রয়েছে। এছাড়া আমরা ঘর নির্মাণের জন্য ১৫ লাখ টাকা, ৫০০ বান্ডিল টিন ও ৫ হাজার প্যাকেট শুকনো খাবারের চাহিদা পাঠিয়েছি। এছাড়া জেলার ৭ উপজেলা প্রশাসন ঘূর্ণিঝড় ‘মোখা‘ মোকাবিলায় প্রস্তুতি সভা করেছে।

ইত্তেফাক/এবি/পিও