সুনামগঞ্জের দোয়ারাবাজারে ব্লাস্ট রোগের প্রাদুর্ভাবে শুকিয়ে যাচ্ছে বোরো ধানের শীষ। এ রোগের আক্রমণে গোড়া থেকে কালো হয়ে বিপুল পরিমাণ জমিতে ধানের শীষ মরে যাচ্ছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কৃষকরা।
গত এক সপ্তাহ ধরে হঠাৎ করে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পালকাপন, ধরমপুর, রাজারগাঁও বাঘমারা, কলাউড়া গ্রামসহ বিভিন্ন এলাকার ধান ক্ষেতে এ রোগ দেখা দিয়েছে। আক্রান্ত জমি থেকে ধীরে ধীরে বিস্তার লাভ করে আশপাশের জমিগুলোতেও ছড়িয়ে পড়ছে।
পালকাপন গ্রামের কৃষক নূর মোহাম্মদ বলেন, আমার বোরো ধানে ব্লাস্ট রোগ আক্রমণ করেছে। অনেক ওষুধ ছিটিয়েও কোনো লাভ হচ্ছে না।
একই গ্রামের কৃষক মো. কিবরিয়াসহ একাধিক কৃষক বলেন, ধানে পাক ধরার সঙ্গে সঙ্গে হঠাৎ করেই ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। বিভিন্ন কোম্পানির ওষুধ ছিটিয়ে কোনো কাজ হয়নি। এতে ফলন বিপর্যয় ঘটতে পারে বলে কৃষকরা আশঙ্কা করছেন।
উপজেলা কৃষি অফিস জানায়, দোয়ারাবাজার উপজেলায় চলতি বছর বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৩ হাজার হেক্টর জমিতে। চাষ হয়েছে ১২ হাজার ৭২০ হেক্টর জমিতে।
উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন জানান, হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন, রাতে ঠান্ডা দিনে গরম। দেরিতে লাগানো, জমিতে পানির অভাবসহ ইউরিয়া সার বেশি দেওয়ায় ব্লাস্টার রোগ হয়ে থাকে। খবর পেয়ে কৃষি অফিসের লোকজন আক্রান্ত জমিগুলো পরিদর্শন করে কৃষকদের পরামর্শ দিচ্ছেন। এ রোগ যাতে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে কৃষকদের সচেতন করা হচ্ছে।
