মিরপুরে গ্রেপ্তার নেত্রকোনার দুর্ধর্ষ সন্ত্রাসী

আপডেট : ১৩ মে ২০২৩, ১৩:৪৪

নেত্রকোনার শীর্ষ সন্ত্রাসী মোর্শেদ হাবিব ভূঁইয়া ওরফে জুয়েলকে (৪৫) শুক্রবার (১২ মে) মিরপুর মডেল থানার মধ্য পাইকপাড়া বউ বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত জুয়েল নেত্রকোনা জেলা যুবলীগের সাবেক সভাপতি স্বপন জোয়ারদার হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। জুয়েল নেত্রকোনার আটপাড়া উপজেলার স্বল্প শুনই গ্রামের মৃত হাবিবুর রহমান ভূঁইয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানার মধ্য পাইকপাড়া বউ বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশকে দেখে পালানোর চেষ্টা করেন জুয়েল। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। আটকের পর তার শরীর তল্লাশি করে ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, তিনি ২০০১ সালে নেত্রকোনা জেলা যুবলীগের তৎকালীন সভাপতি স্বপন জোয়ারদার হত্যা মামলার চার্জশিটভুক্ত ১ নং আসামি। কিন্তু বর্তমানে তিনি মিরপুর থাকেন এবং ইয়াবা ব্যবসায় জড়িত। দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা এনে তিনি ঢাকায় বিক্রি করেন।

গতকালও এই ইয়াবা বিক্রির জন্যই তিনি বউ বাজার আসেন। জুয়েলের বিরুদ্ধে নেত্রকোনা ও ঢাকার বিভিন্ন থানায় হত্যা, মাদক, অস্ত্রসহ ১২টি মামলা রয়েছে।

ইত্তেফাক/আর