বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে রাঙ্গামাটিতে প্রবল বৃষ্টিপাত এবং ভূমিধসের আশঙ্কা থাকায় জরুরি সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন। এছাড়া শনিবার (১৩ মে) বিকাল ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে সকল ধরনের নৌ চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা যায়, পার্বত্য জেলা রাঙ্গামাটিতে প্রবল বর্ষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই পাহাড়ের ঢালে ও ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী লোকজনকে নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে অবস্থান করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এছাড়া শনিবার বিকাল ৪টা থেকে নির্দেশ না দেওয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।
এদিকে রাঙ্গামাটি জেলা প্রশাসন ঘূর্ণিঝড় ‘মোখা’ ক্ষয়ক্ষতি মোকাবিলায় জরুরি গণবিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় ‘অতি প্রবল এই ঘূর্ণিঝড় মোকাবিলায় মানুষের জীবন ও সম্পদের সুরক্ষায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সর্বসাধারণকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া সম্ভাব্য ক্ষতি এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটিসহ সব ছুটি বাতিল করা হয়েছে।
