পোপের সঙ্গে সাক্ষাৎ করার জন্য গতকাল শনিবার সকালে ইতালির রোমে পৌঁছান জেলেনস্কি। এরপর এক টুইটার বার্তায় তিনি বলেন, ‘ইউক্রেনের জয়কে ত্বরান্বিত করেতে এটা একটা জরুরি সফর।’ জেলনস্কি প্রথমে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলার সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি পোপের সঙ্গে দেখা করার জন্য ভ্যাটিকানের উদ্দেশে রওনা হবেন।
পোপ ফ্রান্সিস প্রায়ই বলেন, ভ্যাটিকান রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘর্ষে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে প্রস্তুত। এই মাসের শুরুর দিকে তিনি বলেছিলেন, ‘রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের ইতি টানার জন্য ভ্যাটিকান শান্তি পরিকল্পনা নিয়ে কাজ করছে। তবে মিশনটি সম্পর্কে এখনই কিছু প্রকাশ্যে নিয়ে আসছি না। এটি যখন সর্বজনীন হবে তখন আমি এ সম্পর্কে কথা বলব।’
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর শনিবার প্রথম বারের মতো প্রেসিডেন্ট জেলেনস্কি এবং পোপ ফ্রান্সিসের বৈঠক হবে। সবশেষ ২০২০ সালে তাদের দেখা হয়। রাশিয়া ইউক্রেনের কিয়েভ ও অন্যান্য শহরে বিমান হামলা চালানোর পরের দিন জেলনস্কি রোম সফরে গেলেন।
