নরসিংদীর পলাশে চুরির অপবাদ দিয়ে রাজন মিয়া (১৫) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৩ মে) রাত ৩টার দিকে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রাজন উপজেলার উত্তর চরপাড়া গ্রামের ফাইজউদ্দিন মিয়ার ছেলে। এ সময় ইয়াছিন (১৬) নামে আরও এক কিশোরকে পিটিয়ে আহত করা হয়।
জানা যায়, শনিবার রাত ৩টার দিকে ওই দুই কিশোরকে ঘোড়াশাল পাইকসা এলাকার সোবাহান মিয়ার বাড়ির পাশে ঘোরাঘুরির সময় তাদের আটক করে। পরে চুরির অপবাদ দিয়ে স্থানীয়রা রাজন ও ইয়াছিনকে পিটিয়ে আহত করে। মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হলে বাড়ির পাশের একটি পরিত্যক্ত কারখানার ঝোঁপে ফেলে রাখেন।
খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। আহত কিশোর ইয়াছিনকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. ইলিয়াছ বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। এ ব্যাপারে নিহত পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
