মায়ের চেয়ে আপন পৃথিবীতে আর কেউ নেই। মুখে কিছু না বললেও, একমাত্র মা-ই সন্তানের চোখের ভাষা বোঝেন। পৃথিবীর সব সন্তানের কাছেই শান্তির জায়গা মায়ের কোল।
আজ ‘বিশ্ব মা দিবস’। আর বিশেষ এই দিনে শ্রদ্ধাভরে সব মায়েদের স্মরণ করছেন তারকারা। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় মায়েদের প্রতি ভালোবাসা প্রকাশ করে আবেগঘন স্ট্যাটাসও দিচ্ছেন তারা।
এ উপলক্ষে নিজের ফেসবুকে মায়ের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। ছন্দা লিখেছেন- 'সুলতানা সামসুন্নাহার, আমার মা। একটি দিনের ফ্রেমে তো আর মা কে বাঁধা যায় না। মা আছে সব দিনেতে, সব খানেতে, হয়ে মনের আয়না। আম্মু, ‘বিশ্ব মা দিবস’-এ হৃদয়ের সবটুকু ভালোবাসা, শুভেচ্ছা তোমার জন্যে।
ছবির মতো করেই তোমাকে আঁকড়ে ধরে রাখতে চাই সারা জীবন আম্মু। তুমি ভালো থাকলেই আমাদের সবটুকু ভালো থাকা। তোমার জন্যই আমাদের অস্তিত্ব। এ জীবনের সব কৃতজ্ঞতা তোমার কাছে আম্মু। পৃথিবীর সকল মায়েদের প্রতি রইল অপার ভালোবাসা ও শ্রদ্ধা।
এছাড়া বিশেষ দিনে মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। অভিনেত্রী বলেন, 'অনেকে বলেন বিয়ে করলে নাকি ক্যারিয়ার শেষ। আর মা হলে ক্যারিয়ারে আরও ভাটা পড়ে যায়। বিশেষ করে আমাদের পেশায় যারা রয়েছেন। আসলে সবকিছু যদি ব্যালেন্স করে চলা যায়, কিন্তু আমি মনে করি এটি আশীর্বাদ।
আগে আমি যেখানে ছিলাম, মা হওয়ার পরে সেখানেই আছি। প্রত্যেকের জীবনে ক্যারিয়ার অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু পরিবারের চেয়ে বেশি নয়। মা হওয়ার পর প্রতিনিয়ত এই বিষয়টি নতুন করে অনুধাবন করতে পারছি আমি।
মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, পরিবারের মধ্যে সবচেয়ে বেশি অবদান আমার মায়ের। টিনেজ বয়স খুবই স্পর্শকাতর। আর ওই সময়ে আমার মাকে ছাড়া আর কারো সাপোর্ট পাইনি। এখনও কোনো কিছু ভালো না লাগলে আমার মা আমাকে বোঝায়। জীবনে এটা খুবই গুরুত্বপূর্ণ।
এদিকে চিত্রনায়িকা শবনম বুবলী গতকাল (শনিবার) বিকেলে তার ফেসবুক পেজে দুটি ছবি শেয়ার করেন। একটিতে তার মায়ের সঙ্গে এবং অন্যটিতে ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে দেখা যায় তাকে। ক্যাপশনে বুবলী লেখেন, ‘পৃথিবীর প্রতিটি মাকে অগ্রিম মা দিবসের শুভেচ্ছা।'
অন্যদিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মা ও ছেলের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস।
ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, পৃথিবীতে সৃষ্টিকর্তার শ্রেষ্ঠতম একটি উপহার মা। যার ডাকে আমার ঘুম ভাঙতো। যিনি আমার মুখের হাসি দেখার জন্য সব কিছু করতে পারতেন। মায়ের চেয়ে গভীর কোনো অনুভূতি নেই। পৃথিবীতে মা সন্তানের সবচেয়ে ভালো বন্ধু। মা দিবসে সব মায়ের প্রতি শ্রদ্ধা ও অফুরন্ত ভালোবাসা। হ্যাপি মাদার্স ডে।
ওই ছবিতে দেখা যায়, মাকে পরম আদরে জড়িয়ে আছেন অপু। সেই সঙ্গে অভিনেত্রীর একমাত্র সন্তান আব্রাম খান জয়ও চিত্রাঙ্কনের মাধ্যমে বিশেষ এই দিনে মাকে শুভেচ্ছা জানিয়েছেন।
