ইউনিভার্সেল মেডিকেলের আয়োজনে মা দিবসে সম্মাননা প্রদান

আপডেট : ১৪ মে ২০২৩, ১৭:৪৯

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে ১০ম বারের মতো বিশ্ব মা দিবসে বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ মে) রাজধানীর মহাখালী ডিওএইচএসে রাওয়া কনভেনশন সেন্টারে “গরবিনী মা-২০২৩” এর ব্যানারে এই আয়োজন করা হয়। এসময় পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । 

প্রধান অতিথির বক্তব্য পরিকল্পনা মন্ত্রী বলেন ‘মায়ের দুধের ঋণ কোন সন্তান শোধ করতে পারেনা। তাই মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা অটুট রাখতে হবে সবসময়। মা আমাদের প্রথম এবং শেষ আশ্রয়’। প্রধান অতিথি এমন আয়োজনের জন্য ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এই ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান।

এবার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য সমাজের প্রতিষ্ঠিত ১০ জন সুনাগরিকের গরবিনী মাকে সম্মাননা প্রদান করা হয়েছে। তারা হলেন- সিনিয়র জেলা ও দায়রা জজ, যশোর শেখ নাজমুল আলম- এর মা ফিরোজা বেগম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-২ মোঃ শহীদুল ইসলামের মা রাবেয়া খাতুন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ডিআইজি মো. মুনিবুর রহমানের মা সাহেদা রহমান, স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতিমান কিডনি প্রতিস্থাপন সার্জন ও প্রখ্যাত ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. কামরুল ইসলামের মা অধ্যাপক রহিমা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং আইসিটি সেল এর পরিচালক ড. মোহাম্মদ আসিফ হোসেন খানের মা রওশন আরা বেগম, সম্পাদক, দৈনিক কালবেলা সন্তোষ শর্মার মা রানী শর্মা, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার মা শাহীন মাহফুজা হক, নন্দিত অভিনেতা ও অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক এম এম কামরুল হাসান রওনকের (রওনক হাসান) মা সামসুন্নাহার মজুমদার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক মোহাম্মদ মাহমুদুল হক ইমরানের মা সেলিনা হক এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এর মেডিসিন বিভাগের প্রভাষক অদম্য মেধাবী চন্দ্রশেখর চৌহানের মা মিনা চৌহান ।

এসময় তাদের মেটাল ক্রেস্ট, মেডেল, ফ্রি মাস্টার হেলথ চেক-আপ প্যাকেজ, উডেন পিকচার ও উপহার সামগ্রী প্রদান করা হয়। 

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর পরিচালক প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও গরবিনী-মা সম্মাননার প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এটিএন নিউজ এর সিইও কর্নেল মীর মোতাহার হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা এবং এফবিসিসিআই সহ-সভাপতি মো. আমিন হেলালি। 

ইত্তেফাক/এমএএম