ক্রিস্তিয়ানো রোনালদো-হোর্হিনা রোদ্রিগেসের সম্পর্ক সেই ২০১৬ সাল থেকে। বিয়ের বন্ধনে যদিও বাঁধা পড়েননি, তবে একের অন্যের সঙ্গী হয়ে আছেন সুখ-দুঃখে। এই জুটির বিয়ের আলোচনা প্রায়ই শোনা যায়। কিন্তু হঠাৎই অন্যরকম খবরে শিরোনামে রোনালদো-হোর্হিনা। তাদের প্রেম নাকি ভেঙে যাচ্ছে!
মুহূর্তেই খবরটা ছড়িয়ে যায় গোটা ফুটবল বিশ্বে। কিন্তু কেন তাদের প্রেম ভেঙে যাচ্ছে, সে ব্যাপারে শক্ত কোনও কারণ দেখাতে পারেনি স্প্যানিশ, পর্তুগিজ কিংবা সৌদি আরবের সংবাদমাধ্যমগুলো। তবে আলাদা করে সামনে আনা হয় রোনালদোর মা দোলোরেস আভেইরোকে। রোনালদো-হোর্হিনার সম্পর্ক ভাঙার নেপথ্যে নাকি রোনালদোর মা। এখন সেই দোলোরেসই জানালেন, সব খবর মিথ্যা।
এই হোর্হিনার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে রোনালদোর প্রেম ছিল ইরিনা শায়েকের সঙ্গে। রাশিয়ান মডেলের সঙ্গে সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াতে যাচ্ছিল রোনালদোর। যদিও হয়নি। ভেঙে যায় পাঁচ বছরের সম্পর্ক। শোনা যায়, ইরিনার সঙ্গে রোনালদোর প্রেম ভাঙার নেপথ্যে ছিলেন পর্তুগিজ তারকার মা দোলোরেস!
সে কারণেই হয়তো হোর্হিনার সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ হিসেবেও সংবাদমাধ্যমগুলো সামনে এনেছে দোলোরেসকে।
যদিও রোনালদোর মা সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা দোলোরেসের উদ্ধৃতি ছেপেছে এভাবে, ‘সব মিথ্যা। একসঙ্গে থাকতে গেলে সবার মাঝেই মতবিরোধ হয়। সেটাই স্বাভাবিক। তবে যেসব লেখা হচ্ছে, সব মিথ্যা।’
রোনালদোর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হোর্হিনার সঙ্গে ছবি দিয়েছেন দুই সপ্তাহ আগে। হোর্হিনার পোস্ট তো আরও আগে। এক মাসের বেশি সময় পেরিয়ে গেছে। এই ছবি পোস্ট করার বিষয়টি সামনে এনেও অনেকে দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করছেন।
রোনালদো-হোর্হিনা এ ব্যাপারে চুপ থাকলেও মুখ খুললেন রোনালদোর মা। ছেলের প্রেম ভাঙার গুজব উড়িয়ে দিলেও একটা ইঙ্গিত ঠিকই দিয়েছেন তিনি- ‘একসঙ্গে থাকতে গেলে সবার মাঝেই মতবিরোধ হয়’। প্রেম ভাঙার গুজবের উৎস হয়তো সেখান থেকেই। তার মানে একেবারে বিনা মেঘে বজ্রপাত হয়নি!
