রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সভায় শাহজাহান খান

‘সড়কে আর কোন চাঁদাবাজি হবে না’

আপডেট : ২২ জুন ২০১৯, ২৩:৪৩

সাবেক নৌপরিবহন মন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহাজাহান খান এমপি বলেছেন, এখন থেকে সড়কে আর কোনো চাঁদাবাজি হবে না। ইতোমধ্যে সেই নির্দেশনা দেয়া হয়েছে। চালকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ প্রদান এবং কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান সরকার। আগামীতে প্রশিক্ষণের মাধ্যমে ১ লাখ দক্ষ চালক তৈরি এবং ১ হাজার পরিদর্শক তৈরির উদ্যোগ নিয়েছে সরকার।’

শনিবার দুপুরে নগরভবনের সিটি হলরুমে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, আজ থেকে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। নতুন নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত এ সংগঠনের সার্বিক দেখভাল করছেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ভাই। তিনি নির্বাচন আয়োজনের মাধ্যমে নতুন কমিটির ব্যবস্থা করবেন।

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম ও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।

সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, সহ-সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক কামাল হোসেন রবি ও সাবেক সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। এছাড়া রাজশাহী মহানগর জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী ট্রাক-কার্ভাটভ্যান শ্রমিক ইউনিয়ন, ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতিসহ অন্যান্য শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/আরকেজি