‘দ্য কেরালা স্টোরি’র নায়িকা-পরিচালক হাসপাতালে

আপডেট : ১৫ মে ২০২৩, ১৮:৩৮

‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটির কুফা যেন কাটছেই না। শুরু থেকেই সিনেমাটি নিয়ে বিতর্ক চলছেই। আর সেই বিতর্কের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়লো সিনেমার নায়িকা আদা শর্মা ও পরিচালক সুদীপ্ত সেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতের করিমনগরে হিন্দু একতা যাত্রার অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন আদা শর্মা ও পরিচালক সুদীপ্ত সেন।। এ ঘটনায় আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। তবে এ মুহূর্তে সবাইকে আশ্বস্ত করে সুস্থতার কথা নিশ্চিত করেছেন অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে  পোস্ট দিয়ে আদা জানিয়েছেন, আমি ভালো আছি বন্ধুরা। অনেক অনেক মেসেজ পাচ্ছি, আপনারা উদ্বিগ্ন হয়ে আছেন বুঝতে পারছি। আমাদের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়েছে। এটুকুই বলতে পারি, আমরা দলের সবাই ঠিক আছি। বড় কোনো বিপদ হয়নি। অনেক ধন্যবাদ আপনাদের।

জানা যায় এ দুর্ঘটনার আভাস আগেই দিয়েছিলেন পরিচালক নিজেই। সুদীপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, আজ আমাদের যাওয়ার কথা ছিল করিমনগরের এক জনসভায়। যুবক-যুবতীদের ভিড়ে আমাদের সিনেমা নিয়ে আলাপচারিতা হবার কথা ছিল। কিন্তু হঠাৎ স্বাস্থ্যের অবনতি হওয়ায় যেতে পারলাম না অতদূর। খুব খুব দুঃখিত আমরা। করিমনগরের মানুষের কাছে ক্ষমাপ্রার্থী। সিনেমাটা বানিয়েছিলাম আমাদের কন্যাদের রক্ষা করতে। দয়া করে পাশে থাকুন।

এদিকে, বিতর্কিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ বক্স অফিসে ১০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। শো বাতিলসহ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল এ সিনেমাকে। তবে এ নিয়ে অভিনেত্রী বলেন, যারা এখনো মনে করছেন ‘দ্য কেরালা স্টোরি’ একটা প্ররোচনামূলক সিনেমা, তারা গুগলে একটু খুঁজে দেখুন। সত্যিটা জানতে পারবেন।

ইত্তেফাক/পিএস/এআই