স্কুলছাত্রী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

আপডেট : ১৫ মে ২০২৩, ১৯:৫৫

রাজধানীর খিলগাঁও এলাকায় ১০ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় নজরুল ইসলাম খোকন নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোছাম্মৎ রোকশানা বেগম হ্যাপি এ রায় ঘোষণা করেন। রায়ে খোকনকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায় আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এদিন রায় ঘোষণার আগে খোকনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৪ সালের ৮ নভেম্বর দুপুর দেড়টার দিকে ভিকটিম বাসার পাশে (খিলগাঁওয়ের সিপাহীবাগ মেরাদিয়া) খেলাধুলা করছিল। খেলাধুলা শেষে ফেরার পথে দুপুর ২টার দিকে খোকন ভিকটিমকে চকলেট খাওয়ানোর কথা বলে বাসায় নেয়। সেখানে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় পরদিন ভিকটিমের মা খিলগাঁও থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে খিলগাঁও থানার এসআই আজিজুর রহমান ওই বছরের ৩০ ডিসেম্বর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার বিচারকালে আদালত ৫ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

ইত্তেফাক/এএএম