মাদারীপুরের শিবচরে বাড়ি ফেরার পথে এক তরুণীকে (১৯) তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৪ মে) রাতে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কান্দি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কান্দি গ্রামের আবু খালাসীর ছেলে সাগর (১৯) ও একই এলাকার ফালান শেখের ছেলে আল আমীন (২৪)।
জানা যায়, উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কান্দি গ্রামের ভুক্তভোগী ওই তরুণী গত ৮ মে কাপড় কিনতে স্থানীয় বাজারে যায়। ভুক্তভোগী সন্ধ্যার দিকে বাড়ি ফেরার সময় শিকদারহাট বড় ব্রিজের কাছে পৌঁছালে অভিযুক্তরা তার গতিরোধ করে। এ সময় তাকে মুখ বেঁধে নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। এ ঘটনায় ৬ দিন পর রোববার রাতে ভুক্তভোগী ওই এলাকার হাসান মোল্লা (২১), মেহেদী শিকদার (২১), সাগর খালাসী (১৯) ও আল আমিন শেখ নামে ৪ জনকে আসামি করে মামলা করেন।
ভুক্তভোগীর বাবা অভিযোগ করেন, হতদরিদ্র হওয়ায় ভয়ে ঘটনার পর পরই মেয়েকে নিয়ে থানায় যেতে পারেনি। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভয় দিলে রোববার রাতে ৪ জনকে আসামি করে মামলা করি।
শিবচর থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, মামলার পর পরই অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। শীঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে।
