সংরক্ষণের জন্য ‘ওমর ফারুকের মা’ ফিল্ম আর্কাইভে হস্তান্তর

আপডেট : ১৫ মে ২০২৩, ২৩:৩৮

`মা দিবস'কে সামনে নিয়ে, বাংলাদেশ ফিল্ম আর্কাইভে, ১৩ই মে বিকেল ৫টায় সরকারি অনুদানে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'ওমর ফারুকের মা' প্রদর্শনী ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চলচ্চিত্রটি সংরক্ষণ ও হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একইদিন চলচ্চিত্রটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষণের জন্য বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহা পরিচালক মো: জসিম উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত, বীর মুক্তিযোদ্ধা, বিশ্ববিখ্যাত জাদু শিল্পী, শহীদ ওমর ফারুকের বাল্যবন্ধু জুয়েল আইচ, হাবিবুর রহমান, মো. ফারুক আহমেদ, অতিরিক্ত সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; মো. জসিম ঊদ্দিন, মহা-পরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ; শংকর সাঁওজাল, নাট্য ব্যক্তিত্ব,অভিনয়শিল্পী, নাট্যজন, গীতিকার, প্রামাণ্যচিত্র নির্মাতা ও আলোকচিত্রী; আজাদুল হক, সিইও, ম্যাক্স গ্রুপ।

পরিচালক এম এম জাহিদুর রহমান বিপ্লব বলেন, ‘ওমর ফারুকের মা’ সুন্দর চলচ্চিত্রটি মানুষ দেখবে, মুক্তিযুদ্ধের আর একটি টুকরো চিত্র সম্পর্কে জানতে পারবে। চলচ্চিত্রটির বাণিজ্যিক কোনো দৃষ্টিভঙ্গি নেই। নিজের ক্ষুদ্র প্রচেষ্টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ‘ওমর ফারুকের মা’ প্রদর্শনী করছি। এই চলচ্চিত্রটি শিক্ষার্থীদেরকে আবেগী করে, মুক্তিযুদ্ধকে স্মরণ করে দেয়। এই প্রচারের মাধ্যমে নূতন প্রজন্ম মুক্তিযুদ্ধ বিষয়ে যাতে আরো তথ্য নির্ভর হতে পারে, দেশকে ভালোবাসতে পারে সেটাই আমার প্রচেষ্টা। সরকারি পৃষ্টপোষকতা পেলে ধারাবাহিকভাবে দেশের সব শিক্ষা প্রথিষ্ঠানে 'ওমর ফারুকের মা' প্রদর্শনীর ইচ্ছে নিয়েই কাজ করছি, চেষ্টা করছি।

ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় 'ওমর ফারুকের মা' চলচ্চিত্রটি বিনামূল্যে ২০২২, ১৬ই  ডিসেম্বরে ঢাকাসহ দেশের জেলা ও উপজেলা পর্যায়ে প্রেক্ষাগৃহসমূহে এবং মিলনায়তন/উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক এ চলচ্চিত্রটি বিনামূল্যে ছাত্র ছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে সংশ্লিষ্ট জেলা তথ্য অফিসের মাধ্যমে প্রদর্শিত হয়েছে প্রদর্শিত হয়েছে। উল্লেখ্য যে, ৭ই মার্চ, ২০২৩ চলচ্চিত্রটি 'বাংলাদেশ দুতাবাস মেক্সিকো’র আয়োজনে প্রদর্শিত হয়। 

এই চলচ্চিত্রে গল্পটা পিরোজপুরের জেলার আমড়াঝুড়ি কাউখালী উপজেলার আশোয়া আমড়াঝুড়ি নামক স্থানের একজন মুক্তিযোদ্ধা ওমর ফারুক আর তার মায়ের। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান।

তাছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলিতে অভিনয় করছেন বন্যা মির্জা, সাহেদ শরীফ খান, খাইরুল আলম সবুজ, নাজনীন হাসান চুমকি, সালমা রহমান, আইনুন পুতুল, রিপন চৌধুরী, কাজী রাজু, সৈয়দ শুভ্র, মুকুল সিরাজ, এ বি এম মোতাহারুল ইসলাম, প্রণব ঘোষ, রোশেন শরিফ ও তুহিন আহমেদ।

ইত্তেফাক/বিএএফ