ইউক্রেনকে আরো ট্যাংক ও সাঁজোয়া যান দেবে ফ্রান্স

আপডেট : ১৬ মে ২০২৩, ০৬:০১

ইউক্রেনকে কয়েক ডজন হালকা ট্যাংক ও সাঁজোয়া যান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। এগুলো ব্যবহারের জন্য সেনাদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেবে দেশটি। রবিবার রাতে ফ্রান্স সফরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরপরই ফ্রান্স সরকার এমন ঘোষণা দিল। এদিকে দেশটির পূর্বাঞ্চলীয় একটি শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় চার জন নিহত ও বহু লোক আহত হয়েছে।

তিন ঘণ্টাব্যাপী বৈঠকের পর ইমানুয়েল ম্যাত্রঁদ্ধ ও জেলেনস্কি এক যৌথ বিবৃতি দিয়েছেন। এতে বলা হয়েছে, ইউক্রেনের সেনাদের ট্যাংক ও সাঁজোয়াযান দিয়ে সজ্জিত করার পাশাপাশি প্রশিক্ষণ দেবে ফ্রান্স। তাছাড়া রাশিয়ার হামলা থেকে ইউক্রেনীয়দের রক্ষায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা বাড়াতেও নজর দেবে ফ্রান্স। এর আগে জার্মানিতে সফর করেন জেলেনস্কি। চ্যান্সেলর ওলাফ সলত্জ ও প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমিয়েরের সঙ্গে সাক্ষাৎ করতে দেশটিতে যান তিনি। রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর এটাই ছিল জেলেনস্কির প্রথম জার্মান সফর। সম্প্রতি জার্মানি ঘোষণা দিয়েছে, তারা কিয়েভে প্রায় ৩০০ কোটি ডলারের অস্ত্র সরবরাহ করবে। ঐ ঘোষণার একদিন পরেই জার্মানি সফরে গেলেন জেলেনস্কি।

এদিকে ইউক্রেনের একটি হাসপাতালে রাশিয়ার হামলায় চার জন নিহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় আদভিভকা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। দোনেত্স্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো এ তথ্য নিশ্চিত করেন। টেলিগ্রামে এক পোস্টে তিনি লিখেছেন, রুশ বাহিনী সোমবার সকালে শহরে মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। তারা একটি হাসপাতালে হামলা চালায়। এর আগে গভর্নর পাভলো কিরিলেনকো জানান, আগের দিন দোনেত্স্ক অঞ্চলে রাশিয়ার কামান হামলায় সাত জন আহত হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। এরপর থেকে সংঘাত এখনো থামার কোনো লক্ষণ দেখা যায়নি। ইউক্রেনের প্রতি সমর্থন আরো বাড়াতে গত কয়েক দিনে বিভিন্ন পশ্চিমা দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জেলেনস্কি।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে চলমান লড়াইয়ে রুশ সেনাবাহিনীর দুই কমান্ডার নিহত হয়েছেন। রবিবার নিয়মিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। দীর্ঘ ৯ মাস ধরে রক্ষণাত্মক অবস্থানে থাকা ইউক্রেন শহরটিতে সীমিত পালটা আক্রমণ শুরু করার পর কমান্ডার নিহতের তথ্য জানাল মস্কো।  রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, চতুর্থ মটোরাইজড রাইফেল ব্রিগেডের কমান্ডার ভিয়াচেস্লাভ মাকারভ ও পৃথক আরেকটি শাখার উপকমান্ডার ইয়েভজেনি ব্রভকো ইউক্রেনীয় হামলা প্রতিহত করতে গিয়ে নিহত হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনে সামরিক কমান্ডারদের নিহতের কথা সচরাচর ঘোষণা দেওয়া হয় না। তবে এদিন আরো বলা হয়েছে, সম্মুখভাগে সেনাদের নেতৃত্ব দিচ্ছিলেন এবং ব্রাভকো সাহসিকতার সঙ্গে একাধিক শ্রাপনেলের আঘাতে আহত হওয়ার পর মৃত্যুবরণ করেছেন।

ইত্তেফাক/ইআ