ফেডারেশন কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনাল আজ কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। বেলা সোয়া ৩টায় আবাহনী খেলবে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে। এই ম্যাচ যে জিতবে তার সঙ্গে ফাইনালে মুখোমুখি হবে মোহামেডান। ফাইনাল আগামী ৩০ মে কুমিল্লায়।
মোহামেডান এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করে ফাইনালের প্রতিপক্ষের অপেক্ষায় রয়েছে। সেই অপেক্ষার অবসান ঘটাতে শেখ রাসেল এবং আবাহনী এখন কুমিল্লার মাঠে। গতকাল অনুশীলন করেছে।
আবাহনী গতকাল দুপুরে কুমিল্লায় পৌঁছে হোটেলে খাবার খেয়ে বিকালে অনুশীলনে নামে। মাঠের অবস্থা মোটামুটি ভালো বলে জানালেন আবাহনীর ফুটবল ম্যানেজার সত্যজিত দাস রূপু। ফাইনালের চেয়ে আবাহনীর দুশ্চিন্তা আজকের সেমিফাইনাল নিয়ে। শেখ রাসেলকে শক্তিশালী। লিগের পয়েণ্ট টেবিলের দিকে তাকালে আবাহনী দ্বিতীয় স্থানে শেখ রাসেল তৃতীয় স্থানে। এই হিসাব ফেডারেশন কাপের সেমিফাইনালে আসবে না ঠিক-ই, তবে লিগের ম্যাচে এই দুই দল ড্র করেছিল ২-২ গোলে। সেকথা মনে আছে ম্যানেজারের। গত ২০ জানুয়ারি হওয়া লিগের সেই ম্যাচে আবাহনী গোল করে এগিয়ে গেলে শেখ রাসেল গোল শোধ করেছে। আবার গোল করলে শেখ রাসেল আবারও সেই গোল শোধ করেছে। এভাবেই শেষ মিনিটে গড়ায় খেলা। তাই রূপুর ভাবনা হচ্ছে, আজকের খেলা শেষ হোক, তার পর ফাইনাল।
আবাহনীর রক্ষণভাগের ফুটবলার রহমত মিয়ার চোখে শেখ রাসেলের বিপক্ষে আজকে ডু অর ডাই ম্যাচ। রহমত মিয়া বললেন, ‘আমরা শুধু চট্টগ্রাম আবাহনীর কাছে হেরেছি। মুক্তিযোদ্ধার কাছে হেরেছি। এখন এসব পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে হবে। আজ জিতলে আরো ভালো একটা ম্যাচ পাব ফাইনালে।’ লিগের ট্রফি পাওয়ার আশা নেই আবাহনীর সামনে। তবে টুর্নামেন্টের ট্রফি পেলে সান্ত্বনা পাবে আকাশী-নীলের দল আবাহনী। ম্যানেজার রূপু বললেন, আরে ভাই আগে আজকের সেমিফাইনালটা জিততে দিন।’
