নায়ক ফারুকের গ্রামের বাড়িতে চলছে জানাজার প্রস্তুতি

আপডেট : ১৬ মে ২০২৩, ১৩:৫৭

সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছেছে বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত বর্ষীয়ান চিত্রনায়ক, সংসদ সদস্য ও বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের গ্রামের বাড়িতে চলছে জানাজার প্রস্তুতি। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমটিওরী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে তার সর্বশেষ নামাজে জানাজা।

মঙ্গলবার (১৬ মে) সকাল ৭টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়েছে। ইতোমধ্যে উত্তরায় তার নিজ বাসায় রাখা হয়েছে তার মরদেহ।

জানা গেছে, বাসায় কিছু সময় রাখার পর বেলা ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রথমে মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখান থেকে এফডিসিতে নেওয়া হবে নায়কের মরদেহ।

এরপর গুলশান আজাদ মসজিদে জানাজার জন্য নেওয়া হবে মরদেহ। জানাজার পর গাজীপুরে কালীগঞ্জে মরদেহ নিয়ে বাবার কবরের পাশে দাফন করা হবে বলে জানা গেছে।

চিত্রনায়ক ফারুক সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ফারজানা পাঠান, কন্যা ফারিহা তাবাসসুম পাঠান ও পুত্র রওশন হোসেন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্যা ভক্তবৃন্দ রেখে গেছেন।

ইত্তেফাক/কেকে