বাংলাদেশ ক্রিকেট দল

মৌসুমের শুরুটা ভালো না হলেও শেষটা প্রাপ্তির

আপডেট : ১৭ মে ২০২৩, ০৪:১৬

আয়ারল্যান্ডের বিপক্ষে আইসিসি ওয়ানডে সুপার লিগের ৩ ম্যাচের সিরিজ খেলে গতকাল দেশে ফিরেছেন টাইগাররা। আর এই সিরিজ দিয়েই শেষ হয়েছে টাইগারদের ২০২২-২০২৩ ক্রিকেট মৌসুম। আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার মাধ্যমে শুরু হবে টাইগারদের নতুন মৌসুমে। সদ্য সমাপ্ত হওয়া মৌসুমের শুরুটা ভালো না হলেও শেষটা ভালোই হয়েছে টাইগারদের। আইরিশদের হারিয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগে ভারত পাকিস্তানকে পেছনে ফেলে ৩ তালিকার তৃতীয় অবস্থানে থেকে বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ দল।

গতকাল স্থানীয় সময় বিকাল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখে বাংলাদেশ দল। তবে এ সময় দলের সঙ্গে দেশে ফেরেনি অধিনায়ক তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস ও তাইজুল। আগেই জানা ছিল সাকিব বাদে বাকি সবাই ছুটির সময়টা ইংল্যান্ডে কাটিয়ে তার পর দেশে ফিরবেন। আর জানা গেছে সাকিব সেখান থেকে যুক্তরাষ্ট্রে চলে যাবেন পরিবারের কাছে। অর্থাৎ এই পাঁচ ক্রিকেটারকে ছাড়া দেশে ফিরেছে আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ জেতা টাইগার স্কোয়াড।

এছাড়া সাকিব-তামিমদের মতো দেশে ফেরা ক্রিকেটাররাও কাটাবেন বিশ্রামে। কারণ ২০২২-২৩ ক্রিকেট আইরিশ সফর দিয়ে মৌসুম শেষ। তবে আগামী মাসে নতুন মৌসুমে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ। তাই তার আগে মে মাসের শেষদিকে আবার প্রস্তুতি শুরু হবে টিম বাংলাদেশের। জানা গেছে, ২৮ মে ক্রিকেটারদের রিপোর্ট করতে বলা হয়েছে। ১০ জুন টেস্ট খেলতে আসবে আফগানরা। সূচি ঠিক না হলেও মৌখিকভাবে জানা গেছে আগামী ১৪ জুন শুরু হবে একমাত্র টেস্টটি। যে কারণে এর আগে লম্বা ছুটি পাচ্ছেন ক্রিকেটাররা।

এদিকে গত বছরের জুলাইয়ে মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ সফরে শুরুতেই দুটি টেস্ট বাজেভাবে হারে বাংলাদেশ দল। এরপর ভালো করতে পারেনি ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও। প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তিন ম্যাচের সিরিজ হারে ২-০ ব্যবধানে। অবশ্য পরবর্তীতে ওয়ানডে ফরম্যাটে তাদেরকে ৩-০ ব্যবধানে হারিয়ে জয়ে সফর শেষ করে বাংলাদেশ। তবে এরপরের যাত্রাটা ভালোই গেছে বাংলাদেশের আর শেষ দিকে দেশের মাটিতে ইংল্যান্ডদের প্রথম বারের মতো টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ এবং পরবর্তীতে আইরিশদের বিপক্ষে দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজে জয় এবং ফিরতি ওয়ানডে সিরিজেও জয় দিয়ে দারুণ প্রাপ্তি দিয়েই শেষ করেছেন টাইগাররা।

অন্যদিকে আগামী মাসে আফগানিস্তান সিরিজ দিয়ে আবার ব্যস্ত সূচি শুরু হবে বাংলাদেশ দলের। আফগান সিরিজ শেষ করেই রওনা হবে এশিয়া কাপ খেলতে। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ সঙ্গে সঙ্গে ভারতে বিশ্বকাপ তো রয়েছেই। সব মিলিয়ে এই কয়দিন ছুটির পরই বিশ্রামের আর সুযোগ নেই খেলোয়াড়দের। কারণ জুন থেকে নভেম্বর পর্যন্ত টানা ক্রিকেট খেলতে হবে ক্রিকেটারদের। তাই এমন ব্যস্ত সময় পার কারার আগে ক্রিকেটারদের এই ছুটি খুব প্রয়োজন ছিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘আমরা সব সময় ক্রিকেটারদের ওয়ার্কলোড নিয়ে কথা বলি। সামনে আমাদের দুটি বড় প্রতিযোগিতা আছে। বিশ্রামের এই সময়টা ক্রিকেটারদের খুব কাজে লাগবে। পরিবারের সঙ্গে থাকতে পারবে। নিজেদের ব্যক্তিগত কাজগুলো করতে পারবে। মানসিকভাবে ওরা খুব ফ্রি থাকতে পারবে যা খুব দরকারি যে কোনো অ্যাথলেটের জন্য।’

 

ইত্তেফাক/ইআ