পাকিস্তানে প্রধান বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পার্লামেন্টে প্রস্তাব পাস

আপডেট : ১৭ মে ২০২৩, ১৭:৪৯

পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল ও দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সমমনা বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে একটি ফাইল তৈরির প্রস্তাব অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদ। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন এমনটি জানানো হয়েছে।

একটি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দেওয়া জামিন নিয়ে ক্ষমতাসীন জোটের অসন্তোষের মধ্যেই গত সোমবার প্রস্তাবটি পাস হয়

ডন জানিয়েছে, ন্যাশনাল অ্যাসেম্বলিতে যে প্রস্তাব অনুমোদিত হয়েছে, সেই প্রস্তাব অনুসারে প্রধান বিচারপতি এবং অন্যান্য সমমনা বিচারপতির কথিত অসদাচরণের বিষয়টি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে জানাতে অভিযোগ প্রস্তুত এবং তা দায়ের করার ক্ষেত্রে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হবে। 

পাকিস্তানের রাজপথে বিক্ষোভকারীরা

এই প্রস্তাব এমন সময় পাস হলো যখন সম্প্রতি ইমরান খান একটি মামলায় গ্রেফতার হওয়ার পর তাকে জামিনে মুক্তি দেওয়া নিয়ে ক্ষমতাসীন জোটের অসন্তোষ বিরাজ করছে।

৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। পরদিন বিশেষ আদালত (অ্যাকাউন্টিবিলিটি কোর্ট) এ মামলায় তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনায় দেশজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

ইমরান খানকে গ্রেপ্তারের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করে পিটিআই। আবেদনের পরিপ্রেক্ষিতে ১১ মে শুনানি হয়। এতে আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের গ্রেপ্তার বেআইনি ঘোষণা করেন দেশটির সর্বোচ্চ আদালত। পরে ইসলামাবাদ হাইকোর্টের দুই বিচারপতির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ তার দুই সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

ইত্তেফাক/এএইচপি