রাজধানীর ভাটারা এলাকায় নকশা বহির্ভূত ও ভুমিকম্পে ঝুঁকি রয়েছে এমন ২টি ভবন ভেঙে দিলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউক এর আওতাধীন জোন-৪/১ ছোলমাইদ ভাটারা এলাকায় বুধবার (১৭ মে) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযান পরিচালনায় নের্তৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার।
এই অভিযানে ৩ তলা এবং ৬ তলা বিশিষ্ট ২টি নির্মাণাধীন ভবন ভাঙা হয়েছে। ৩ তলা নির্মাণাধীন বাড়িটির মালিক সুলক্ষন চক্রবর্তী। তিনি এ সময় উপস্থিত থাকলেও গণমাধ্যমের সাথে কথা বলতে চান নি। ৬ তলা নির্মাণাধীন বাড়িটির মালিক মো. শামিম হোসেন। তিনিও এ সময় উপস্থিত ছিলেন। ভবন ২টির নকশা বহির্ভূত অবৈধ অংশ অপসারণ করেছে রাজউক।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন ৪/১ এর আওতাধীন ভাটারা এলাকায় রাজউক নকশা বহির্ভূত ও ভুমিকম্পে ঝুকিপূর্ণ রয়েছে এমন সব ভবনের বিরুদ্ধে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। আজকে যে ভবন গুলো ভাঙা হয়েছে এই ভবনের মালিকগণকে সরকারি আইন অনুযায়ী নোটিশ প্রদান করা হয়েছে, কিন্তু তারা কোনো পদক্ষেপ না নেওয়ায় আজকে আমরা অভিযান পরিচালনা করি এবং একই সাথে অন্যরা যেন পরবর্তীতে অনুমোদনকৃত নকশা ব্যত্যয় করে ভবন নির্মাণ না করে সেই বার্তা দিচ্ছি ও ভুমিকম্পে ঝুকিপূর্ণ রয়েছে এমন ভবনের বিষয়ে সতর্ক করি।
তিনি আরও বলেন, আমরা আগেও বলেছি এই ভ্রাম্যমাণ আদালত একটি চলমান প্রক্রিয়া যা পর্যায়ক্রমে চলমান থাকবে।
মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক ৪/১ জোনের প্রকৌশলী ইমরুল হাসান। এছাড়াও রাজউকের ৪/১ জোনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
