রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কিনে সামগ্রী তৈরি করায় ইউরোপীয় ইউনিয়নের আক্রমণের মুখে পড়েছে ভারত। এই পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইইউর সমালোচনার জবাব দিয়েছেন। ভারতের বিরুদ্ধে পদক্ষেপের হুমকি দিয়েছিলেন ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল। এরপরই জয়শঙ্কর মনে করিয়ে দেন, ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের নিয়মাবলীর বাইরে যায়নি নয়াদিল্লি।
জয়শঙ্কর বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের নিয়মাবলীর দিকে তাকান। রাশিয়ার অপরিশোধিত তেল কোনো তৃতীয় দেশে এলে তা আর রুশ থাকে না। আপনাকে বলব একবার কাউন্সিলের নিয়মাবলীর ৮৩৩/২০১৪ ভালো করে দেখে নিন।’ উল্লেখ্য, রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা নিয়ে প্রথম থেকেই ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছে আমেরিকা। এমনকি নিজেদের প্রতিনিধি পাঠিয়েও ভারতের বিরুদ্ধে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিল মার্কিন প্রশাসন। সেই সময় জয়শঙ্কর বলেছিলেন, ইউরোপের দেশগুলো ভারতের তুলনায় অনেক বেশি পরিমাণে তেল কিনছে। তবুও তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠছে না। তার মত ছিল, ভারতকে সতর্ক করার আগে আমেরিকার উচিত ইউরোপের মার্কিন ঘনিষ্ঠ দেশগুলোর দিকে নজর দেওয়া।
সম্প্রতি জোসেফ বোরেল বলেন, মস্কোর তেল পরিশোধন করে ইউরোপের দেশগুলোতে দিব্যি বিক্রি করছে ভারত। ফলে রাশিয়ার উপর জারি করা নিষেধাজ্ঞা কোনো কাজেই আসছে না। অবিলম্বে এটা বন্ধ করতে হবে। এই বিষয়ে ভারতের উপর কড়া পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি। তবে এ প্রসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন, ভারত ও ইইউ আসলে বন্ধু। তারা কোনো আঙুল তুলছে না। বরং হাত বাড়িয়ে দিচ্ছে সহযোগিতার। —ইন্ডিয়া টাইমস
