রুয়েটের হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৮ মে ২০২৩, ০৯:৩৭

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আবাসিক হল থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের শহীদ লেফটেন্যান্ট সেলিম হল তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত তানভীর আহমেদ (২৪) রুয়েটের মেকানিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৮তম ব্যাচের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের ৩৫৫ নম্বর কক্ষে থাকতেন। তার বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলায়।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তানভীর দুপুরে নিজ কক্ষে গলায় ফাঁস দেন। এ সময় কয়েকজন শিক্ষার্থী দেখে তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক রবিউল ইসলাম সরকার বলেন, হাসপাতালে নেওয়ার সময় বিভাগের শিক্ষার্থীরা তাকে বিষয়টি মুঠোফোনে জানান। তখন তিনি তার বিভাগের শিক্ষকদের পাঠান।

RUET

তবে তার আত্মহত্যার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক রবিউল ইসলাম বলেন, তানভীর আত্মহত্যা করার মতো শিক্ষার্থী না। ঈদের আগে নানা বিষয়ে আমার কাছে পরামর্শ নিয়েছে। তার ফলও মোটামুটি ভালো। পরিবারের আর্থিক অবস্থা ভালো। কিন্তু কেন সে এ ধরনের কাজ করতে যাবে, তা মাথায় আসছে না।

মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. রফিকুল আলম বলেন,  লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর তারা মৃত্যুর আসল কারণ জানতে পারবেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে। স্বজনেরা চাইলে মামলা হবে।

ইত্তেফাক/আরএজে