ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি

আপডেট : ১৮ মে ২০২৩, ১৪:২৭

নিজ শহর পাবনায় চার দিনের সফর শেষে ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে পাবনার অ্যাডভোকেট আমিন স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি।

রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাহিনীর একটি ভিভিআইপি হেলিকপ্টার বেলা সাড়ে ১২টায় রাজধানীতে পৌঁছায়।

এর আগে সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা স্কয়ার গ্রুপের অন্যতম কর্ণধার অঞ্জন চৌধুরী প্রিন্টু, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন এবং পাবনা পুলিশ সুপার আকবর আলী মুন্সীসহ সব কর্মকর্তারা তাকে বিদায় জানান।

সংবর্ধনা অনুষ্ঠান ও কয়েকটি মতবিনিময় সভাসহ নানা কর্মসূচিতে যোগ দিতে ১৫ মে চার দিনের সফরে পাবনায় পৌঁছান রাষ্ট্রপতি। গত ২৪ এপ্রিল রাষ্ট্রপতির পদে শপথ নেয়ার পর পৈতৃক শহর পাবনায় এটাই ছিল তার প্রথম সফর।

রাষ্ট্রপতির স্ত্রী রেবেকা সুলতানা, সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন।

ইত্তেফাক/এসকে