কূটনীতিকদের গাড়িতে পতাকা বিষয়ে কোনো নির্দেশনা আমাদের নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ১৮ মে ২০২৩, ২২:০৩

ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের নিরাপত্তার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা অনেক ভালোভাবে এবং দক্ষতার সঙ্গে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। পৃথিবীর অনেক দেশের চেয়ে বাংলাদেশে বিদেশি কূটনীতিকদের বেশ ভালো মানের নিরাপত্তা দেওয়া হয়। তাদের অব্যাহতভাবে এ মানের নিরাপত্তা দেওয়া হবে। তবে কূটনীতিকদের গাড়িতে পতাকা বিষয়ে কোনো নির্দেশনা আমাদের নেই।’ 

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে প্রচারণার অংশ হিসেবে ঢাকায় দায়িত্বরত বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। 

ব্রিফিংয়ে কূটনীতিকদের অতিরিক্ত নিরাপত্তা বাতিলের প্রসঙ্গে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, ‘এটা নিয়ে যথেষ্ট প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। আমাদের হাতে প্রচুর কাজ আছে। আমরা এ বিষয়ে কোনো প্রশ্ন বা এনগেজমেন্টে যেতে চাচ্ছি না। ইটস নট আ ইস্যু। এটা আমাদের নিয়মিত কার্যপরিধির একটা অংশ এবং সবাইকে ব্যাখ্যা দেওয়া হয়েছে।’

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থিতা নিয়ে প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে বৈঠকে বসে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র জানায়, বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জাপান, সৌদি আরব, রাশিয়া, কানাডা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, জাপান, ইতালি, ফ্রান্স, জার্মানি, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ফিলিপাইনের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানো হয়।

ইত্তেফাক/এসকে