আদালতের এজলাসে আইনজীবীকে গালাগাল, বাদীকে জরিমানা

আপডেট : ১৮ মে ২০২৩, ২২:১১

মাদারীপুরে আদালতের এজলাসে বসে নিয়ম ভঙ্গ করে আইনজীবীকে অকথ্য ভাষায় গালাগাল করার অপরাধে একটি মামলার বাদী এমএ মুহিতকে দুই হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বৃহস্পতিবার (১৮ মে) বিকাল ৫টার দিকে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাজিদ উল হাসান চৌধুরী এ জরিমানার আদেশ দেন। এর আগে তাকে আদালতের হাজতখানায় পাঁচ ঘণ্টা আটক রাখা হয়।

আদালত সূত্র জানায়, ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা এমএ মুহিত তার সাবেক স্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা অভিযোগ এনে আদালতে মামলা করেন। এই মামলায় আসামিরা হাজির হয়ে আদালতের শুনানিতে অংশ নেন। আদালত চলাকালীন সময় আসামিপক্ষের আইনজীবী মো. আনিচুর রহমান আদালতের অনুমতি নিয়ে এই মামলার বাদী এমএ মুহিতকে এজলাসে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। জেরার একপর্যায় বাদী মুহিত আইনজীবীর মা-বাবা তুলে গালাগাল দেয় ও আদালতকে অসম্মান করেন। পরে আদালতের বিচারক তাৎক্ষণিক বাদী মুহিতকে আদালত পুলিশের সেলে পাঠানোর নির্দেশ দেয়। প্রায় পাঁচ ঘণ্টা আদালত পুলিশের সেলে থাকার পরে বাদীর আইনজীবী তার মক্কেলের ভুল স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা জানালে আদালত মুহিতকে দুই হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে একমাসের কারাদণ্ডের নির্দেশ দেন।

আইনজীবী মো. আনিচুর রহমান বলেন, বাদীকে জিজ্ঞাসাবাদ করার সময় মারাত্মকভাবে তিনি ক্ষেপে যান। এমন কি তিনি আমার পিতা-মাতাকে নিয়ে অবাঞ্চিত ভাষার ব্যবহার করে। বিষয়টি আদালতের চোখে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে আদালতের হাজতখানায় প্রেরণ করে। তিনি (মুহিত) শুধু আমাকেই নয়, আদালতকেও অবমাননা করেছেন।

মামলার বাদী এম এ মুহিত বলেন, আসামি পক্ষের আইনজীবী যখন আমাকে প্রশ্ন করছিল তখন আমার মাথা ঠিক ছিল না। আমি ভুল করেছি। এমন ভুল আর কখনো হবে না।

আদালত পুলিশের পরিদর্শক মো. শাহজাহান বলেন, আদালত ও আইনজীবীকে নিয়ে অসম্মানজনক কথা বলায় একটি মামলার বাদী এমএম মুহিতকে পাঁচ ঘণ্টা আদালতের হাজতখানায় রাখা হয়। পরে তিনি ও তার আইনজীবী আদালতের কাছে ক্ষমা প্রার্থনা জানালে আদালত তার অপরাধের দায়ে দুই হাজার টাকা জরিমানা করেন। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

ইত্তেফাক/পিও