বিখ্যাত রক ব্যান্ড পিংক ফ্লয়েডের সাবেক ব্যাসিস্ট রজার ওয়াটার্স সম্প্রতি জার্মানিতে একটি কনসার্টে নাৎসি স্টাইলে ইউনিফর্ম পরেছিলেন। এ নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ। বিবিসি
গত ১৭ মে বার্লিনে পারফর্ম করার সময় ওয়াটার্স একটি লাল আর্মব্যান্ডসহ লম্বা কালো কোট পরেছিলেন। তিনি শ্রোতাদের উদ্দেশ্যে একটি নকল মেশিনগানও তাক করেছিলেন।
জার্মানিতে নাৎসি প্রতীক প্রদর্শন নিষিদ্ধ। তবে দেশটির আইন শৈল্পিক বা শিক্ষাগত নানা কারণে ব্যতিক্রমীভাবে তা অনুমতি দেয়।
রজার ওয়াটার্স অবশ্য বলেন, তার এই বেশভূষা ও অভিনয় কেবল 'ফ্যাসিবাদের বিরোধিতা' দেখানোর জন্য ছিল।
কনসার্টের পর জার্মান পুলিশের মুখপাত্র মার্টিন হালওয়েগ বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি। অনেকেই মনে করছেন, মঞ্চে পরিহিত পোশাকটি নাৎসি শাসনকে মহান বা ন্যায়সঙ্গত করার জন্য ব্যবহার করা হতে পারে। এটার ফলে জনসাধারণের শান্তি বিঘ্নিত হতে পারে।
তিনি আরও বলেন, পোশাকটি একজন নাৎসি অফিসারের পোশাকের মতো।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াটার্সের জ্যাকেটে একটি লাল আর্মব্যান্ড এবং একটি সাদা বৃত্তে দুটি কালো ক্রস হাতুড়ি ছিল। এই পোশাকটি তিনি বেশ কয়েক বছর ধরে আগের কনসার্টেও পরিধান করেছেন।
কনসার্টের ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে, একটি দৃশ্যে একজন রকস্টারের চরিত্রে অভিনয় করেছেন, যিনি একটি ফ্যাসিবাদী সমাবেশের নেতৃত্ব দিচ্ছেন। জার্মান পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগগুলো পর্যালোচনা করার পরে বিষয়টি পাবলিক প্রসিকিউটরের কাছে হস্তান্তর করা হবে।
বার্লিনের এই প্রদর্শনীর সময় বেশ কয়েকজন মৃত ব্যক্তির নামও কনসার্টের বড় পর্দায় উঠে আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে মারা যাওয়া ইহুদি কিশোর অ্যান ফ্রাঙ্কের নামও ছিল সেখানে।
পরে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংগীতশিল্পীর সমালোচনা করে। টুইটে বলা হয়, রজার ওয়াটার্স ছাড়া সবাইকে শুভ সকাল, যিনি বার্লিনে অ্যান ফ্রাঙ্ক এবং হলোকাস্টে নিহত ৬০ লাখ ইহুদির স্মৃতিকে অপবিত্র করেছেন।
সম্প্রতি রজার ওয়াটার্স তার 'দিস ইজ নট এ ড্রিল' ট্যুরের অংশ হিসাবে জার্মানির বিভিন্ন শহরে ভ্রমণ করছেন। তবে তার অভিনয়গুলো বিতর্কিত হয়েছে। মিউনিখ এবং কোলন সেন্ট্রাল কাউন্সিলের মতো ইহুদি সংগঠনগুলো তাকে ইহুদিবিদ্বেষী বলে অভিযোগ করেছে। ইহুদি সংগঠনগুলো তার শো বাতিল করার চেষ্টাও করে।
যদিও ওয়াটার্স এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জার্মানিতে তার শোতে যারা অংশ নিয়েছিলেন তাদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি নাৎসি আমলের একটি প্রতিরোধ গোষ্ঠী 'হোয়াইট রোজ আন্দোলন'র প্রতিও শ্রদ্ধা নিবেদন করেছেন।
ওয়াটার্স বলেন, জার্মানিতে ক্ষমতাসীন কেউ এবং ইসরায়েলি লবির নির্দেশে কেউ কেউ আমাকে আক্রমণ করেছে। ভুলভাবে আমাকে বিদ্বেষী বলে অভিযোগ করেছে এবং আমার অনুষ্ঠান বাতিল করার চেষ্টা করেছে। মিউনিখের চারপাশে হাঁটতে গিয়ে আমি বাজে অভিজ্ঞতার শিকার হয়েছি।
প্রসঙ্গত, গত বছর ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রার আক্রমণের পর তিনি ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কাকে একটি খোলা চিঠি লিখেছিলেন। এতে তিনি বলেন, ইউক্রেনের 'চরম জাতীয়তাবাদীরা' আপনার দেশকে এই ধ্বংসাত্মক যুদ্ধের পথে ঠেলে দিয়েছে।
গত ফেব্রুয়ারিতে জাতিসংঘে দেওয়া এক ভাষণেও রজার ওয়াটার্স জানান, ইউক্রেনে আগ্রাসন চালাতে রাশিয়াকে 'উসকানি' দেওয়া হয়েছে।
