খেলোয়াড় তৈরির কারখানা যশোরের শামস উল হুদা একাডেমি। ক্যারিয়ার গড়ছেন একাডেমির ফুটবলাররা। একাডেমির তরুণ ফুটবলার মিনহাজুল করিম স্বাধীনকে আমন্ত্রণ জানিয়েছে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল অ্যাথলেটিকো ভিলা স্যান কার্লোস ক্লাব। একাডেমি সূত্রে জানা গেছে, স্বাধীনকে স্যান কার্লোস ক্লাবের সঙ্গে অনুশীলনের আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী ১৫ আগস্টের মধ্যে স্বাধীনকে যোগ দিতে হবে আর্জেন্টাইন ক্লাবে।
স্যান কার্লোস ক্লাবের সঙ্গে স্বাধীনের যোগাযোগ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের আর্জেন্টাইন ট্রেইনার অ্যারিয়েল কোলম্যানের মাধ্যমে। কোলম্যান শামস উল হুদা একাডেমি পরিদর্শনে গিয়েছিলেন। স্বাধীনের খেলা দেখে মুগ্ধ হন তিনি। তার উদ্যোগে পাঠানো স্বাধীনের ভিডিও নজর কাড়ে স্যান কার্লোস ক্লাবের।
বয়সভিত্তিক ফুটবলের পরিচিত মুখ স্বাধীন। খেলেছেন ২০২২ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের যুব দল নিয়ে অনুষ্ঠিত বাফুফে অনূর্ধ্ব-১৮ লিগে চ্যাম্পিয়ন শেখ জামালের জার্সি গায়ে।
স্বাধীন ২০১৬ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৪ সুপার মখ কাপে বাংলাদেশের হয়ে খেলেছেন। ছিলেন ২০১৭ সালের নেপালের মাটিতে আয়োজিত অনূর্ধ্ব-১৫ সাফ দলের অংশ। খেলেছেন ২০১৮ সালে কাতারে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ আসরে। তিনি বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগে ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডারার্সের হয়ে খেলেছেন ২০২১ সালে। সেখানে ছয় গোলের সঙ্গে আট এসিস্ট করে সবার নজর কাড়েন। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ ক্লাব ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকার আবাহনী। সেই আসরে আবাহনীর হয়ে খেলেছিলেন শামস উল হুদা একাডেমির ৯ ফুটবলার, তাদের একজন স্বাধীন। বলা যায়, আবাহনীর জার্সিতে যুব ক্লাব ফুটবলের শিরোপা জিতেছিল যশোরের শামস উল হুদা একাডেমি ।
আর্জেন্টিনার ক্লাব থেকে ডাক পাওয়া স্বাধীন বলছেন, ‘আমার কাছে পুরো বিষয়টা স্বপ্নের মতো মনে হচ্ছে। আমি নিজে ছোটবেলা থেকে আর্জেন্টিনা আর লিওনেল মেসির ভক্ত। আর্জেন্টিনায় আমি ফুটবল অনুশীলন করতে যাব, এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে। একাডেমি কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞ।’এই একাডেমির কোচ কাজী মারুফ জানালেন, ‘স্বাধীন কয়েক বছর ধরেই বয়সভিত্তিক ফুটবলে নিজেকে প্রমাণ করে আসছেন, সে সম্ভাবনাময় উইঙ্গার। একদিন বাংলাদেশের সেরা উইঙ্গার হতে পারেন।’ তিনি বলেন, ‘ আমার ছাত্র হাফিজুর এয়ারটেল রাইজিং স্টার হিসেবে ইংল্যান্ডে আর নয়ন ব্রাজিলে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেয়েছিল। সব কিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ প্রথম ফুটবলার হিসেবে আর্জেন্টিনায় প্রশিক্ষণের জন্য যাচ্ছেন স্বাধীন।’
শামস উল হুদা একাডেমি থেকে ২০১৩ সালে ইংল্যান্ডের বিখ্যাত ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে প্রশিক্ষণের সুযোগ পেয়েছিলেন হাফিজুর রহমান। ২০২২ সালে ব্রাজিলের সোসিয়েদাদ স্পোর্তিভো দ্য গামা ক্লাবের সঙ্গে অনুশীলনের সুযোগ পান যশোরের বাঘারপাড়ার নয়ন হোসেন। তিনিও শামসুল হুদা একাডেমির পরিচর্যায় গড়ে ওঠা ফুটবলার। স্বাধীনের বাবা অবসরপ্রাপ্ত সার্জেন্ট ফজলুল করিম নিজেও ফুটবল খেলেছেন সেনাবাহিনী দলে।
