সুরের ছন্দ আর গিটারের ঝংকারে হলিউড মাতালেন নগর বাউল জেমস। প্রায় দুই দশক পর যুক্তরাস্ট্রের লস অ্যান্জেলেসের হাজারো ভক্তদের ভালোবাসায় সিক্ত হন এই সুর সম্রাট। বাংলাদেশ মেলার ওপেন কনসার্টে দর্শক হৃদয়ে জেমসের দোলার মধ্য দিয়ে পর্দা নামে দু’দিনের উৎসবের।
ঘড়ির কাঁটায় রাত দশটা ২০ মিনিট। মঞ্চের পেছনের পর্দায় তখন রানা হাসান মাহমুদের পরিকল্পনা এবং রাশেদ লিমনের গ্রন্থনা ও ধারা বর্নণায় চলছে দেশীয় ব্যান্ড সংগীতের কিংবদন্তি মাহফুজ আনাম জেমসের আগমনী বার্তা। বুঝতে বাকি রইলনা লস অ্যান্জেলেসের রঙিন মঞ্চে বন্ধু আসছে বহুদিন পর। অত্যাধুনিক বিশাল লিমুজিনে চেপে তারুণ্যের প্রতীক হয়ে মঞ্চে আসলেন নগরবাউল জেমস। মুহূর্তেই জেগে ওঠে হলিউড। উত্তাল দর্শক সমুদ্রে ঢেউ তোলে ‘লাভ ইউ গুরু’ ধ্বনি।
লস্কর আল মামুন,
সময়ের পরিক্রময়ায় জেমস যেন কোন নাম নয়, সঙ্গীত আর সুরের ভুবনে তা যে আজ এক অনুভূতি তার প্রমাণ মেলে দুই দশক পর লস অ্যান্জেলেসে তার ফের উপস্থিতি। এক নজর দেখতে আর সুরের যাদুতে আসক্ত হতে স্মরণকালের বড় সমাবেশে হাজির হন জেমস ভক্তরা। বলা যায় দু’দিন ব্যাপি বাংলাদেশ মেলার শেষ দিনটি ছিল উপমহাদেশের অন্যতম সেরা রকস্টার জেমসের।
সুরের সমুদ্রে শ্রোতার অন্তরে কখনও শান্তির পরশ, প্রেম ভালবাসা, কখনও চোখে অশ্রু আবার উম্মাদনা ছডিয়ে গুরু গাইলেন দর্শক প্রিয় গান। জেমস শুরু করলেন ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’ গানটি দিয়ে। গেয়ে চলেন দিওয়ানা মাস্তানা, গুরু ঘর বানাইলা কী দিয়া, এর পরে গাইলেন ‘মা’। কোথায় আছে কেমন আছে মা গানে শিল্পীর তীব্র দরদে নিজের মা কে স্মরণ করে আবেগে আপ্লুত হয়ে নোনা জলে চোখ ভিজিয়েছে দর্শকদের। জেমস তখন ধরলেন চাল চালে, সুলতানা বিবিয়ানা, বিজলী, দুস্ট ছেলের দল। গাইলেন আসবার কালে গানটিও। মীরা বাঈ, তারায় তারায়, পাগলা হাওয়ায় দর্শক তখন পাগল। নেচে গেয়ে আর হেলে দুলে বাঁধ ভাঙ্গা আনন্দ-উচ্ছ্বাসে মাতোয়ারা দর্শকদের সামাল দেয়াই ছিল কঠিন। শেষে গাইলেন আরেকটি হিন্দিগান ভিগি ভিগি। রাত তখন সত্যি ভেজা। এরইমধ্যে কখন যে মধ্যরাত পেরিয়ে নতুন দিনের সূচনা হলো তা বোঝার সুযোগ হয়নি কারো। রঙিন মঞ্চের ১৩ টি গান যেন রাঙিয়ে গেলো দর্শক হৃদয়। জেমসের সঙ্গে গিটারে ছিলেন সুলতান রায়হান খান রানা, ব্যাসে তালুকদার সাব্বির, কিবোর্ড বাজিয়েছেন আব্দুল কাউয়ুম । ড্রাম বাজিয়ে মাতিয়ে রেখেছিলেন আহসান এলাহী ফান্টি।
আয়োজনে নিউইয়র্কের বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফরমিং আর্টস-বিপা’র জয় বাংলা’ গীতিনাট্য, বাংলাদেশ থেকে আসা শিল্পী শেফালী সারগম, নাজু আকন্দ, অভিনেত্রী তানজিন তিশা ও অভিনেতা সজল নুরের পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের।
যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি তুলে ধরতে দু’দিনব্যাপী বাংলাদেশ মেলার প্রধান অতিথি মার্কিন কংগ্রেসম্যান জিমি গোমেজ উদ্বোধনী দিনে তার বক্তৃতায় প্রবাসী বাংলাদেশি ও তাদের কর্মকান্ডের প্রশংসা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি চট্টগ্রাম সিটি কর্পেরেশন মেয়র রেজাউল করিম চৌধুরী, প্যানেল মেয়র মো: গিয়াসউদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, বাংলাদেশ মেলার চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন চৌধুরী, সভাপতি নজরুল আলম, সাধারণ সম্পাদক জামিউল ইসলাম বেলাল, আহ্বায়ক সায়েদুল হক সেন্টু, সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির, বোর্ড অব ট্রাস্টি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ক্যালিফোনিয়া শাখার সভাপতি তৌফিক ছোলেমান খান তুহিন, সিদ্দিকুর রহমান সিদ্দীকসহ বিভিন্ন স্পন্সরদের সর্বাত্নক সহায়তা এবং অভিনেত্রী সাজিয়া হক মিমির প্রাণবন্ত উপস্থাপনায় মেলার সফল সম্পন্ন হয়।
