বাজেট প্রতিক্রিয়া

প্রস্তাবিত বাজেট দিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয়: সিপিডি নির্বাহী 

আপডেট : ০১ জুন ২০২৩, ২২:০২

২০২৩-২৪ অর্থবছরের বাজেট দিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। 

তিনি বলেন, সামষ্টিক অর্থনীতি পুনরুদ্ধারে প্রস্তাবিত বাজেটে যেসব প্রস্তাব করা হয়েছে, তা বাস্তবতা বিবর্জিত। 

বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফাহমিদা খাতুন এ মন্তব্য করেন। তিনি বলেন, চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলার ক্ষেত্রে প্রস্তাবিত বাজেটে স্বীকৃতি ও সমাধান দুটোই অপ্রতুল। 

সিপিডির নির্বাহী পরিচালক বলেন, ট্যাক্স রিটার্নের নামে ন্যূনতম কর ২ হাজার টাকা নির্ধারণ করাও ঠিক হয়নি। এটি তুলে দেওয়া উচিত। তবে, করের সীমারেখা তিন লাখ থেকে সাড়ে তিন লাখ করাটা ভালো দিক।

ফাহমিদা খাতুন বলেন, নিত্যপ্রয়োজনীয় যে পণ্যগুলো আমদানি করা হয়, সেগুলোর ক্ষেত্রে করের হার কমালে জনগণ স্বস্তি পেত। অথচ, এর প্রতিফলনও বাজেটে দেখা যায়নি।

বাজেট নিয়ে সিপিডির বিস্তারিত প্রতিক্রিয়া শুক্রবার (২ জুন) সকালে জানানো হবে বলে জানান ড. ফাহমিদা খাতুন।

এর আগে, বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে সাত লাখ ৬১ লাখ ৭৮৫ কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। এরপর বাজেট নিয়ে দীর্ঘ আলোচনার পর আগামী ৪ জুন অধিবেশন মুলতবি করা হয়।

২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস হবে আগামী ২৬ জুন। এর আগে ২৫ জুন ২০২৩-২৪ অর্থবছরের অর্থবিল পাস করা হবে। বাজেট কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।

ইত্তেফাক/এসজেড