বগুড়ার শিবগঞ্জ থেকে ছিনতাই হওয়া ট্রাক রাজবাড়ী থেকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ থেকে পিতা-পুত্রকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পিতা মোঃ লোকমান হোসেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সুরিয়ার গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে ও তার পুত্র মোঃ শরিফ।
বগুড়া ডিবি পুলিশ সুত্র জানায় গত ১০ জুন দিবাগত গভীর রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পাকুরতলা বিশ্বরোড থেকে নওগাঁর চালক রাব্বীকে হাত-পা বেঁধে ফেলে ট্রাকটি ছিনতাই করা হয়। ঐ রাতে পুলিশ চালককে মহাসড়কের পাশ থেকে হাত-পা বাধা অবস্থায় উদ্ধার করে। পরে থানায় মামলা হলে পুলিশ ঐ ট্রাকের চালক রাব্বীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সুরিয়ার এলাকা থেকে পিতা লোকমান হোসেন ও পুত্র মোঃ শরিফ উদ্দিনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তাদের স্বীকারোক্তি মোতাবেক সোমবার রাজবাড়ী জেলার গোয়ালন্দ থেকে ট্রাকটি উদ্ধার করে বগুড়ায় নিয়ে আসে।
বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আসলাম আলী জানান, গতকালই পিতা-পুত্রকে আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হয়। আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ইত্তেফাক/আরকেজি
