ডিআইটির শতবর্ষী পুকুর সংরক্ষণের নির্দেশনা চেয়ে রিট

আপডেট : ০৪ জুন ২০২৩, ২১:১৪

পুরান ঢাকার গেন্ডারিয়ায় ডিআইটির শতবর্ষী পুরনো পুকুর দখল করে মার্কেট, কাউন্সিলর অফিস নির্মাণ বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এছাড়া পুকুরটি সংরক্ষণের পাশাপাশি এই জলাশয় দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। রোববার হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পে অ্যাডভোকেট মনজিল মোরসেদ এ রিট দায়ের করেন। 

রিটে স্থানীয় সরকার সচিব, পরিবেশ সচিব, রাজউক চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। গত ২১ মে দৈনিকে ইত্তেফাকে ‘পুকুর দখল করে মার্কেট ও কাউন্সিলর কার্যালয়’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, এক সময় যে পুকুরে গোসল, ধোয়ামোছা চলতো, এখন সেই পুকুর মৃতপ্রায়। চারপাশে ভবনের পর ভবন। পুকুরের ভেতরে এমনভাবে দোকান ও মার্কেট করা হয়েছে যে দোকানের পেছনে যে পুকুর রয়েছে সেটি সড়ক থেকে বোঝাই যাচ্ছে না। দিনের বেলা মার্কেট নির্মাণের কাজ বন্ধ থাকলেও এখনো রাতের বেলা দোকান তুলে পুকুর দখলের অভিযোগ উঠেছে। রাজধানীর গেন্ডারিয়ার ডিআইটির শতবর্ষের এ পুকুরটি দখলের ঘটনায় ক্ষোভ জানিয়েছে এলাকাবাসী। 

রাজধানী উন্নয়ন কর্তৃক (রাজউক) বলছে, যারা দখল করছে তারা মামলার পর মামলা করায় আমরা পেরে উঠছি না। জনস্বার্থে পুকুরটি রায় সবারই এগিয়ে আসা উচিত। এই প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট করা হয়।

ইত্তেফাক/এএএম