নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। দিচ্ছেন নতুন নতুন নানা চটকদার প্রতিশ্রুতি। তবে ভোটাররা এতে গলছেন না। তারা বলছেন, আমরা এবার প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চাই। যে কাজ করবে তাকেই ভোট দিব।
প্রার্থীদের নানা প্রতিশ্রুতি সম্পর্কে নগরীর বয়রা মদিনাবাগ এলাকার ইদ্রিস গাজী বলেন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের সামনের গুরুত্বপূর্ণ সিটি বাইপাস সড়কটি কয়েক বছর ধরে মানুষের চলাচলের অনুপযোগী। মেয়র, কাউন্সিলর কেউই গুরুত্বপূর্ণ এই সড়কটির দিকে এতদিন নজর দেয়নি। যে প্রার্থী এই সড়কটি ঠিক করে দেবে আমরাও সেই প্রার্থীকে ভোট দিব।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ জামান বলেন, শুধু প্রতিশ্রুতি নয়, যারা বিজয়ী হবেন জনগণ তাদের কাজ দেখতে চায়।
প্রার্থীরা প্রচারণায় :গতকাল রবিবার সকাল সাড়ে ৮টায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক নগরীর দৌলতপুরের মুহসিন মোড় থেকে গণসংযোগ শুরু করেন। সারা দিন তিনি ঐ এলাকার ১.২ ও ৩ নম্বর ওয়ার্ডে প্রচার-প্রচারণা চালান। এই এলাকাটি এক সময় দেশের অন্যতম পাট শিল্পাঞ্চল বলে বিখ্যাত ছিল। সেই সুদিন এখন আর নেই। তালুকদার আব্দুল খালেক নির্বাচনকে সামনে রেখে দৌলতপুরের পাট শ্রমিকদের সঙ্গে উঠান বৈঠক করেন। শোনেন পাট শ্রমিকদের দুঃখ-কষ্টের কথা। নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মিলগুলো চালু হলে আর কোনো কষ্ট থাকবে না। দুপুরে তিনি খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত আওয়ামী যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। পরে নেতৃবৃন্দ নগরীর স্যার ইকবাল রোড, পিকচার প্যালেস মোড়, ডাকবাংলো মোড়ে নৌকা প্রতীকের পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালান।
একই সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল নগরীর ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। তিনি হাতপাখা প্রতীকে ভোট চেয়ে বলেন, হাজার হাজার কোটি টাকা বাজেট হওয়া সত্ত্বেও সিটি করপোরেশন এলাকায় কাঙ্ক্ষিত মানের উন্নয়ন হলো না কেন? তিনি বলেন, খুলনা সিটির এ দুরবস্থার মূল কারণ হচ্ছে দুর্নীতি, টেন্ডারবাজি, অপরিকল্পিত উন্নয়ন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ক্ষমতাসীন দলের অশুভ প্রভাব-প্রতিপত্তি।
জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু সারা দিন নগরীর নতুন বাজার, ১৪, ১৫ ও ২২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে বলেন, বর্তমান সরকার ভোটারদের নিরাপত্তা দিতে ব্যর্থ।
এছাড়া জাকের পার্টির মেয়র প্রার্থী এস এম সাব্বির হোসেন গোলাপফুল প্রতীকে ভোট চেয়ে ও স্বতন্ত্র মেয়র প্রার্থী এস এম শফিকুর রহমান মুশফিক নগরীর ক্রিসেন্ট জুট মিলস, মুজগুন্নী, নতুন রাস্তা, দৌলতপুর, ফুলবাড়ী গেট, মহেশ্বরপাশা এলাকায় টেবিল ঘড়ি মার্কা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন।
