তারকাদের ‘স্ট্যাটাসবন্দি’ বিনোদন দুনিয়া হয়ে যাচ্ছে কিনা এটা এখন একটা বড় প্রশ্নে পরিনত হয়েছে। গত কয়েকবছর ধরে আলাদা কোনো সিনেমার খবর নিয়ে আলোচনা নয়। বরং ব্যক্তি আলাপটাই সামনে উঠে আসছে বারবার। সকলে ভিন্ন ভিন্ন মাধ্যমে নিজেদের স্টেটমেন্ট বা ভিডিও তুলে ধরছেন।
এ প্রসঙ্গে গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুন নুর তুষার বলেন,‘তারকাদের কাজ নিয়েই আলোচনা হওয়া উচিত। ব্যক্তিজীবন নিয়ে গণমাধ্যমে চর্চাটা যত কম হয় ততই ভাল। কিন্তু সারাবিশ্বের গ্ল্যামার ওয়ার্ল্ড হয়ে গেছে ব্যক্তিজীবনের চর্চার ভেতরে।
সম্প্রতি বেশ কিছু ঘটনা তারকারা নিজ নিজ ফেসবুকে জানাচ্ছেন। তারকার এক্সক্লুসিভ তথ্য বলে আর কিছু থাকছে না। তারকারাই সেটি এখন আয়ত্ত্ব করে নিয়েছেন। তারা স্ট্যাটাস লিখে তা ছড়িয়ে দিচ্ছেন। আর এ নিয়ে বাড়ছে পারস্পরিক ভুল বোঝাবুঝি ও তর্ক। নানান রং মেশানো খবর।
সম্প্রতি পরী মনি ও রাজের বিবাহ ও সংসারের জটিলতা নিয়ে পরস্পর ফেসবুকে লিখছেন। এছাড়া তাদের সম্পর্ক নিয়ে অভিনেতা শরীফুল রাজ তাদের সংসারের ভাঙনের ক্ষেত্রে সাংবাদিকদের দোষ দিচ্ছেন।’
এ সকল সংকট বা নতুন তর্কের ভেতরে তাই নানান কুটতর্ক তৈরি হচ্ছে। এ নিয়ে চিত্রনায়ক জিয়াউল রোশান বলেন,‘আমার মনে হয় আমাদের চলচ্চিত্র নিয়ে এখন নতুন ভাবে প্রতিদিন আলোচনা করা উচিত। পরী-রাজের বিষয়টিও দু:খজনক। দেখুন পরীর এবারে কী দারুণ এক গল্প প্রধান ছবি এলো। কিন্তু এ নিয়ে কোনো আলোচনা নেই। সব আলোচনায় যেন তার ব্যক্তিজীবন নিয়ে। এসব খবর গোটা ইন্ডাস্ট্রিকে ক্ষতি করছে।’
চিত্রনায়িকা পরী মনি বলেন,‘আমার কাছে সেলুলয়েডের ছবির চেয়েও গুরুত্বপূর্ণ আমার জীবনটা। যারা আমাকে ভালবাসবে তারা আমার ব্যক্তিজীবনকেও সাপোর্ট দেবে। আমি সম্পর্কে কোনো ভন্ডামি পছন্দ করিনা। যে কোনো দর্শকেরা সাথে আমাদের সম্পর্কটা তেমনই প্রফেশনাল। কিন্তু সাংবাদিক ভাইদের সাথে সম্পর্কটা অনেক আত্মীক। তাই আমার ইমোশনগুলোই আমি ফেসবুকে লিখি। ব্যাপারটা এমন নয় যে, এটা বলি যে , প্লিজ এটা নিয়ে খবর ছাপুন।’
উল্লেখ্য, সম্প্রতি শিরিন শীলা নামের একজন নায়িকার একটি ভিডিও নিয়েও গণমাধ্যম নানান খবর ছাপে। এর আগে শাকিব বুবলীর সম্পর্ক বিচ্ছেদ নিয়ে বুবলীর ফেসবুক স্ট্যাটাসটিই হয়ে ওঠে যেন প্রেম মীটের প্রধান বার্তা। তাই সিনিয়র সকল অভিনেতা অভিনেত্রীই এই সব ব্যাপারে আরো পেশাদার আচরন করতে বলেছেন।
