রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তেলাপোকা মারার স্প্রের বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। পেস্ট কন্ট্রোল সার্ভিসের অদক্ষ কর্মীদের কারণে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ মৃত দুই শিশুর পরিবারের। দুই শিশু হলো—শায়েন মোবারত জাহিন (১৫) ও তার ছোট ভাই শাহিল মোবারত জায়ান (৯)। রবিবার ভোরে শাহিল মোবারত জায়ান আর রাত ১০টার দিকে শায়েন মোবারত জাহিন মারা যায়। বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশুর পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার বসুন্ধরার আই ব্লকের ঐ নতুন বাসায় পেস্ট কন্ট্রোল সার্ভিসের কর্মীরা তেলাপোকা মারার বিষ স্প্রে করেন। এর দুই দিন পর ভুক্তভোগী পরিবারটি ঐ বাসায় ওঠেন। বাসায় প্রবেশের পর দুই শিশু ও তাদের বাবা-মা শারমিন-মোবারত অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রবিবার ভোরে ও রাতে দুই শিশুর মৃত্যু হয়।
মৃত দুই শিশুর খালা ডা. রওনক জাহান রোজি অভিযোগ করে বলেন, ‘পেস্ট কন্ট্রোল সার্ভিসের অদক্ষ কর্মীদের কারণে এ ঘটনা ঘটেছে। আমরা পেস্ট কন্ট্রোল সার্ভিস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো সঠিক উত্তর পাইনি। তাদের মা-বাবাও এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।’
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম আসাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, দুই শিশুর মৃত্যু হয়েছে বিষক্রিয়াজনিত কারণে। দুই শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলায় পেস্ট কন্ট্রোল সার্ভিস কর্তৃপক্ষকে দায়ী করা হবে কি-না এমন বিষয়ে ওসি বলেন, আগে দেখি তারা কী মামলা করতে চায়। তারপর বলা যাবে মামলা নেব কি নেব না।’
