কলাপাড়ায় দখলমুক্ত করা হলো খাল

আপডেট : ০৯ জুন ২০২৩, ২১:৩৬

পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি খাল দখলমুক্ত করা হয়েছে।

শুক্রবার (৯ জুন) বিকেলে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের এলেমপুর গ্রামের সরকারি খালে অভিযান চালিয়ে অবৈধ চারটি বাঁধ অপসারণ করা হয় ইউএনও জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে। এসময় খালটির বিভিন্ন স্থান থেকে দুই হাজার মিটার নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

জানা যায়, এই খালটি বর্ষা মৌসুমে পানি প্রবেশ ও মৌসুম শেষে পানি নিষ্কাশনে বড় ভূমিকা রাখে। তাছাড়া সবজি  উৎপাদনে উপজেলার অন্যতম নীলগঞ্জ ইউনিয়ন। এখানে প্রচুর পরিমাণে সবজি উৎপাদিত হয়। কৃষকরা এই খালের পানি তাদের ফসলি জমিতে ব্যবহার করেন। তবে বছর দুই আগে খালটির বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে এবং অবৈধ জাল দিয়ে খালটি দখল করে নেয় একটি চক্র। ফলে স্থানীয় কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছিল। খবর পেয়ে কলাপাড়ার ইউএনও জাহাঙ্গীর হোসেন খালটি দখলমুক্ত করেন এবং সবার জন্য উন্মুক্ত করে দেন।

এসময় তিনি বলেন, সরাকারি খাল দখলমুক্ত করতে উপজেলা প্রসাশনের অভিযান অব্যহত থাকবে।

ইত্তেফাক/এসসি