সাউদাম্পটনের এই ভেন্যুতেই শনিবার ভারতের বিপক্ষে দ্বাদশ বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলেছে আফগানিস্তান। দুর্দান্ত লড়াইয়ের পরও ১১ রানে হারে আফগানরা। একদিন বাদে একই ভেন্যুতে আজ বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে আফগানিস্তান। তাই ভারতের বিপক্ষে ম্যাচে লড়াই করার মানসিকতা থেকে অনুপ্রেরণা খুঁজছেন আফগানিস্তানের অধিনায়ক গুলবাদিন নাইব।
গতকাল এক সংবাদ সম্মেলনে নাইব বলেন, ‘আমরা এরই মধ্যে এই উইকেটে খেলেছি। ভারতের বিপক্ষে গতকালই খেলেছি। গতকাল ছিল রৌদ্রোজ্জ্বল দিন। আমাদের জন্য ভালো দিন ছিল। দুই দলের জন্যই। আমরা হেরেছি, কিন্তু ভালো কিছুও করেছি। ঐ ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি। বাংলাদেশের বিপক্ষে আরও বেশি করার চেষ্টা থাকবে।’
বাংলাদেশের সাকিব আল হাসান রয়েছেন দুর্দান্ত ফর্মে। তাই সাকিবকে নিয়ে চিন্তার ভাঁজ নাইবের কপালে। তিনি বলেন, ‘সাকিবকে থামানো সহজ নয়। সে দুর্দান্ত ফর্মে আছে। আগামীকাল যদি তার দিন হয়, তাহলে সে ভাল খেলবে। তবে দিনটা যদি আমাদের হয়,তাহলে শুধু সাকিব নয় যে কোন দলের জন্য কঠিন হয়ে পড়বে।’
আরো পড়ুন: মিরাজকে নিয়ে চিন্তার কিছু নেই : রোডস
বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে নিজেদের স্পিন অ্যাটাককে সেরা বলছেন নাইব। তাই স্পিন দিয়ে বাংলাদেশকে ঘায়েল করার পরিকল্পনা আফগান অধিনায়কের।
ইত্তেফাক/এমআর
