আমার খারাপ লাগলেও সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে

আপডেট : ১১ জুন ২০২৩, ১১:৩৬

জাতীয় দল থেকে বাদ পড়া এলিটা কিংসেলর জন্য গতকালকের দিনটা ছিল ভিন্ন। মুখে কিছু বলেননি। কোনো অভিযোগ নেই। আগের দিন ক্যাম্প থেকে বাসায় ফিরে স্ত্রীকে নিয়ে কাজে গিয়েছিলেন। রাতে বাসায় ফিরে নির্ভাবনায় ঘুমিয়েছেন। গতকালের দিনটা তার জন্য ছিল ছুটির দিন। 

বাসায় গিয়ে দেখা গেল পুরো বিশ্রামে এলিটা। সাফের মূল স্কোয়াডে নেই। কী ভাবছেন এলিটা। বাংলা বলতে পারেন। তবুও ইংরেজিতে কথার অভ্যাস তার। জানালেন কোনো সমস্যা নেই। কোচদের পরিকল্পনায় আমি নেই। যারা যেভাবে দলকে সাজাবেন সেভাবেই খেলোয়াড় নেওয়া হবে এটাই নিয়ম। এখানে আমার কিছু মনে করার নেই। আমাকে দলে নেওয়া হয়নি নিশ্চয়ই কোচদের মনে পরিকল্পনা রয়েছে। এই সিদ্ধান্তের প্রতি আমাকে সম্মান দিতে হবে। বাদ পড়ায় খারাপ লাগলেও আমি সিদ্ধান্তের প্রতি সম্মান দিই।

এলিটা বলেন, ‘তারা কেন আমাকে নেয়নি সেটা নিয়ে আমি কোচের সঙ্গে দ্বিমত করতে পারব না। ম্যানেজমেন্টের সঙ্গেও দ্বিমত করতে পারব না।’

এলিটা জানালেন সাফের স্কোয়াডে তার অনেক বন্ধু রয়েছেন। বিশ্বাস করেন তারা সবাই জীবন দিয়ে লড়াই করবেন। এলিটা সেই সব ফুটবলারদের শুভ কামনা জানিয়েছেন। ক্যাম্প থেকে বিদায়ের সময় সবার সঙ্গে কথা বলেছেন। অনেকেরই মন খারাপ ছিল। কেউ কেউ অবাক হয়েছেন এলিটার বিদায়ে। এলিটাকে নিয়ে অন্য খেলোয়াড়রা ফুটবলযুদ্ধের ছক তৈরি করেছিলেন। কে কীভাবে লড়াইয়ে ঝাঁপাবেন তা নিয়েও আলোচনা হয়েছে এক টেবিলে। তাদের সঙ্গে কথা বলে ক্যাম্প হতে বেরিয়ে বাসায় ফিরে গেছেন তিনি। 

বাসায় বসে এলিটা বলছিলেন,‘আমি চাই বাংলাদেশ চ্যাম্পিয়ন হোক। আমার বন্ধুরা চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসুক। দেশের সব মানুষ খুশি হবে। আমি খুশি হব। এই ট্রফিটা বাংলাদেশের জন্য খুবই দরকার।’ 

তিনি বলেন,‘হ্যা আমিও অন্যান্য ফুটবলারের মতোই সাফের জন্য প্রস্তুত হয়েছিলাম। কিন্তু কোচ আমাকে কেন রাখেনি সেটা কোচের পরিকল্পনা হতেই পারে। যে ২৩ জন চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন তাদের জন্য শুভ কামনা জানাই।’

কেমন দল হলো জানতে চাইলে এলিটা বললেন, ‘খুব ভালো দল হয়েছে। বিশেষ করে রক্ষণভাগ, মাঝমাঠ শক্তিশালী হয়েছে। আক্রমণভাগেও যথেষ্ট শক্তি পাবে এবার। এখানে সেমিফাইনালের হিসাবটা আগে করতে হবে। সেমিফাইনাল পর্যন্ত গেলে ফাইনালের ভাবনা। আমি বলব আমাদের অনুশীলনটা যেভাবে হয়েছে তা নিয়ে এখন মাঠে নামতে হবে নরমাল খেলা খেলতে হবে। ভুলে যাও অন্যকিছু।’

ইত্তেফাক/এসএস