বিষেন সিং বেদিকে টপকে ভারতের সেরা বাঁহাতি স্পিনার এখন রবীন্দ্র জাদেজা। ইংল্যান্ডের ওভালে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ উইকেট নিয়েছেন জাদেজা। এর মাধ্যমে বাঁহাতি স্পিনার হিসেবে বেদিকে টপকে ভারতের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সবার উপরে উঠে এসেছেন জাদেজা। ৬৫ টেস্টে জাদেজার উইকেট ২৬৮ আর ৬৭ ম্যাচে বেদির শিকার ২৬৬। এতোদিন ভারতের পক্ষে বাঁহাতি স্পিনার হিসেবে সবচেয়ে বেশি উইকেট শিকারের মালিক ছিলেন বেদি।
ভারতের বাঁহাতি স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে ১৯৭৯ সালে সর্বশেষ টেস্ট খেলেছেন বেদি। ৪৩ বছর ধরে বেদির আগলে রাখা রেকর্ড ভাঙলেন জাদেজা।
বেদির রেকর্ড ভাঙার পাশাপাশি টেস্টে সফলতম বাঁহাতি স্পিনারদের তালিকাতে চতুর্থস্থানে উঠে এসেছেন জাদেজা। বাঁহাতি স্পিনারদের মধ্যে টেস্টে সব থেকে বেশি উইকেটের মালিক শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ। ৯৩ টেস্টে ৪৩৩ উইকেট শিকার করেছে হেরাথ।
দ্বিতীয়স্থানে আছে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। ১১৩ টেস্টে ৩৬২ উইকেট আছে তার। ৮৬ টেস্টে ২৯৭ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের ডেরেক আন্ডারউড। এই তালিকায় জাদেজা চতুর্থস্থানে উঠে আসায় পঞ্চমস্থানে নেমে গেছেন বেদি।
