লক্ষ্মীপুরে ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

আপডেট : ২৪ জুন ২০১৯, ১৬:১৮

লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এ ঘটনা ঘটে। এতে পুলিশসহ উভয় পক্ষের ১০ জন নেতা-কর্মী আহত হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত র‌্যালি পরবর্তী আলোচনা সভায় স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা কাজী বাবলু সমর্থিত গ্রুপের সঙ্গে ইউনিয়ন যুবলীগের কর্মীদের বাক-বিতণ্ডা হয়। এ সময় উত্তেজিত হয়ে উভয়পক্ষ থেকে চেয়ার মারামারি, হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আহত হন যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রিংকু, তাজু ভূঁইয়া, রোমেল, সৌরভ, পারভেজ, ছাত্রলীগ নেতা কাজী বাবলু, মামুন, শাহাদাত, ফিরোজ ও পুলিশের এসআই সোহেল মিয়াসহ ১০ জন।

আরও পড়ুন:  অসুস্থ ঋষি কাপুরের পাশে রণবীর-আলিয়া, হাজির ঐশ্বর্য-অভিষেক

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, 'তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।'

ইত্তেফাক/জেডএইচডি