নারী আইনজীবী হত্যা মামলায় ২ আসামির আমৃত্যু কারাদণ্ড

আপডেট : ১১ জুন ২০২৩, ১৬:১২

রাজধানীর মিরপুরে রওশন আরা আক্তার নামে এক নারী আইনজীবীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার দায়ে দুই আসামির আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. আলী আহমেদ এ রায় ঘোষণা করেন। রায়ে কারাদণ্ডের পাশাপাশি আসামিদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-সোলায়মান রবিন ওরফে তাজুল এবং রাসেল জমাদার শাকিব। এদিন রায় ঘোষণার আগে দুই আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের পুনরায় কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, পরিবার নিয়ে মিরপুর থানাধীন রোড-৩ এর এ-ব্লকে থাকতেন অ্যাডভোকেট রওশন আক্তার। দণ্ডপ্রাপ্ত দুই আসামি বাসায় নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন। তাদের কাছে টাকা ছিল না। টাকার জন্য তারা চুরির পরিকল্পনা করতে থাকেন। ২০১২ সালের ৩১ ডিসেম্বর তারা একটি বালিশের কভার নিয়ে  অ্যাডভোকেট রওশন আক্তারের বাসার সামনে যায়। রওশন আক্তার দরজা খুললে জানতে চায়, বালিশের কভারটি তার কি না।

রওশন আক্তার বলেন, এটা তার না। এ কথা বলার এক পর্যায়ে আসামিরা তাকে ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করেন। বিছানার ওপর নিয়ে চাদর দিয়ে তার পা বেঁধে ফেলে। ছুরি বের করে তাকে ভয় দেখাতে গিয়ে নিজেদের হাত কেটে ফেলে। পরে ওড়না পেঁচিয়ে রওশন আক্তারকে তারা শ্বাসরোধ করে হত্যা করে। এসময় বাসা থেকে ২০ হাজার টাকা নিয়ে যায় তারা। 

এ ঘটনায় রওশন আক্তারের স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক মাহবুব ই সাত্তার পরদিন মিরপুর থানায় মামলা করেন। ২০১৩ সালের ১৮ জুলাই মামলাটি তদন্ত করে দুই জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরবর্তীতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সংশ্লিষ্ট আদালতের বিশেষ পিপি শামসুল হক বাদল।

ইত্তেফাক/এএএম