কক্সবাজার পৌর নির্বাচন কাল, কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম

আপডেট : ১১ জুন ২০২৩, ১৮:২১

কক্সবাজার পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ সোমবার (১২ জুন) বিকাল ৪টা পর্যন্ত। পৌরসভার ৪৩ কেন্দ্রের ২৪৫ বুথে ভোটগ্রহণ হবে ইভিএম-এ। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ১২টি ওয়ার্ডে ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ দায়িত্বে থাকছে ১৫ ম্যাজিস্ট্রেট, ৭ প্লাটুন বিজিবি, ১২টি র‍্যাব টিম ও ৭৯০ জন পুলিশ, এমনটি জানিয়েছেন কক্সবাজার জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন।

ভোটগ্রহণ উপলক্ষ্যে রোববার (১১ জুন) দুপুর হতে পৌরসভার প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। এর আগে প্রতিটি কেন্দ্র ও বুথে সিসি ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়। স্ব স্ব কেন্দ্রে চলে গেছেন দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ, আনসার ও প্রিসাইডিং কর্মকর্তারা।

কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন বলেন, ৪৩টি কেন্দ্রে ২৪৫টি বুথ কক্ষ রয়েছে। প্রতিটি কেন্দ্র ও বুথ কক্ষ সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে।

তিনি আরও বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সকল প্রস্তুতি শেষ করে আমরা প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠিয়েছি। যেহেতু ইভিএমে ভোটগ্রহণ চলবে তাই প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের বলা আছে নির্বাচন শেষ হলে কেন্দ্রেই যেন ফলাফল প্রকাশ করা হয়। বিগত দিনেও কক্সবাজারে ইভিএমে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়। এবারও একটি সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবো বলে আশা করছি আমরা।

পৌরসভার ১২টি ওয়ার্ডে মোট ভোটার ৯৪ হাজার ৮০২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ৮৭৯ জন ও নারী ভোটার ৪৪ হাজার ৯২৩ জন। আর এবারের নির্বাচনে- ৫ মেয়র প্রার্থীসহ সংরক্ষিত নারী ও সাধারণ কাউন্সিলর মিলে ৭৭ জন প্রার্থী ভোট যুদ্ধে রয়েছে। মেয়রে ৫ প্রার্থী থাকলেও নৌকার প্রার্থী মাহবুবুর রহমান মাবুর সাথে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসেদুল হক রাশেদের নারকেল গাছ প্রতীকের মূল প্রতিদ্বন্ধিতা হবে বলে মনে করছেন ভোটাররা। তবে, কে হচ্ছেন নতুন পৌর মেয়র তা জানতে সোমবার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে সকলকে।

ইত্তেফাক/পিও