মেহেরপুরে আবাসিক হোটেল থেকে গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ১১ জুন ২০২৩, ১৯:৪৮

মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার ইজাজ প্লাজা নামের একটি আবাসিক হোটেল থেকে আব্দুর রহমান (৫৫) নামের ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ জুন) বিকাল পাঁচটার দিকে মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে। আব্দুর রহমান মেহেরপুর সদর উপজেলার রহিমের ছেলে ও ইজিবাইক চালক।

স্থানীয়রা জানান, রোববার দুপুরের পর থেকে হোটেল ইজাজ প্লাজার একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হতে থাকে। দুর্গন্ধের বিষয়টি কর্তৃপক্ষ সদর থানা পুলিশকে জানায়। খবর পেয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন, সদর থানার ওসি সাইফুল ইসলাম ও গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলমসহ সদর থানা পুলিশের একটি টিম  ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় অভিযান চালিয়ে হোটেল ইজাজ প্লাজার চারতলার একটি তালাবদ্ধ ঘর থেকে লাশটি  উদ্ধার করা হয়।
 
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলম  জানান, খবর পেয়ে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একাধিক টিম উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে লাশটি মেহেরপুর সদর উপজেলা শোলমারি গ্রামের ইজিবাইক চালক আব্দুর রহমান (৫৫) সনাক্ত  করা হয়। ময়নাতদন্ত শেষে বিষয়টি বিস্তারিত জানানো হবে।

ইত্তেফাক/পিও