ভোক্তা অধিকারের নামে প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছে বিশাল অংকের টাকা, সতর্কবার্তা 

আপডেট : ১১ জুন ২০২৩, ১৯:২৪

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নামে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে কয়েকটি প্রতারক চক্র। এমন তথ্য জানিয়ে ভোক্তা ও ব্যবসায়ীদের সতর্ক থাকতে বলেছে অধিদপ্তর।

ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে, ভোক্তা অধিদপ্তরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ নাম ব্যবহার করে ভুয়া সংগঠন তৈরি করা হচ্ছে। ওই সংগঠনের নামে ব্যবসায়ীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে শুনানিতে অংশগ্রহণের জন্য ডাকা হচ্ছে। এভাবে ভয়-ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র।

এ ধরনের ভুয়া সংগঠনের কাছ থেকে চিঠি বা টেলিফোন পেলে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আইনি সহায়তা নিতে আহ্বান করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় যে কোনো ধরনের অপতৎপরতা রোধে বদ্ধপরিকর। যে কোনো প্রয়োজনে সংস্থাটির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।

ইত্তেফাক/এসজেড