খুলনা সিটি করপোরেশন নির্বাচনে নৌকার মেয়রপ্রার্থী তালুকদার আব্দুল খালেক ভোট দিয়েছেন। সোমবার সকাল ৯টায় মহানগরীর ২২ নং ওয়ার্ডের পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভোট দেন তিনি।
এ সময় তার সঙ্গে ভোট দেন তার স্ত্রী বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাবিবুর নাহার। ভোট দিয়ে আব্দুল খালেক বলেন, ফলাফল যাই হোক আমি মেনে নেব।
৬০ থেকে ৬৫ শতাংশ ভোট পড়বে বলে আশা প্রকাশ করে নৌকার মেয়রপ্রার্থী বলেন, যদিও ইভিএমে ভোটদানের গতি একটু স্লো, তাই যারা কেন্দ্রের ভেতরে উপস্থিত থাকবে তারা শেষ সময় পর্যন্ত ভোট দিতে পারবেন বলে আশা করি।
প্রসঙ্গত, খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে আরও নির্বাচন করছেন জাতীয় পার্টির (জাপা) শফিকুল ইসলাম মধু লাঙ্গল প্রতীকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল হাতপাখা প্রতীকে ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন গোলাপ ফুল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া টেবিল ঘড়ি প্রতীকে স্বতন্ত্রপ্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিকও ভোটের লড়াইয়ে রয়েছেন।
এই সিটিতে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিয়েছেন ১৭৭ জন প্রার্থী। দুইজন কাউন্সিলর প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। ভোটগ্রহণ করা হচ্ছে ২৮৯টি কেন্দ্রের এক হাজার ৭৩২টি কেন্দ্রে। নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের জন্য ৪৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
এছাড়া সংক্ষিপ্ত বিচারকাজ সম্পন্ন করতে দায়িত্ব পালন করছেন ১০ বিচারিক ম্যাজিস্ট্রেট। ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নির্বাচনী এলাকায় মোতায়েন করা হয়েছে ১১ প্লাটুন বিজিবি, র্যাবের ১৬টি টিম, পুলিশ-এপিবিএন-ব্যাটালিয়ন আনসারে ৪৯টি টিম।
