দীর্ঘদিন যে প্রতিষ্ঠানে চাকরি করছেন সেই দোকানেরই চুরির অভিযোগে সাত জনকে আটক করা হয়েছে। মিরপুর মডেল থানার ২নম্বর সেকশন এলাকা থেকে রোববার (১১ জুন) সন্ধ্যায় তাদের আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন মো. রায়হান হোসেন (১৯), মো. ইসাহাক (৫২), মো. জসিম উদ্দিন (২৭), মো. কামরুজ্জামান (৩৬), মো. আশিকুল আনান (৪৭), মো. ফারুক হোসেন (৪০) এবং মো. নুর উদ্দিন ওরফে নুরু (৫০)।
মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, আটকদের মধ্যে প্রথম পাঁচ জন ১২ বছর ধরে মিরপুরে প্রিয়ন্তী অ্যাপারেলস গার্মেন্টসে চাকরি করেছেন। প্রতিষ্ঠানের মালিক শিল্পী প্রবাসে থাকেন। এই সুযোগ নিয়ে তারা কাপড় চুরি করে বাইরে বিক্রি কররে আসছেন। আর তাদের এই কাজে রিকশাচালক ফারুক চুরি করা কাপড় রিকশায় করে কাপড় ব্যবসায়ী নুরুর দোকানে দিয়ে সহযোগিতা করে আসেন। গত কয়েক বছর ধরেই তারা এ কাজ করে আসছিলেন। এভাবে তারা প্রায় দুই কোটি টাকার কাপড় চুরি করেন।
ওসি জানান, সম্প্রতি প্রতিষ্ঠানের আভ্যন্তরীন নিরীক্ষায় কাপড়ের ঘাটতি দেখা দিলে সিসিটিভি ফুটেজ দেখে চুরির ঘটনা প্রকাশ পায়। পরে পুলিশের কাছে অভিযোগ করলে আসামিদের আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লক্ষাধিক টাকা মূল্যের ২০০ কেজি নিট ফেব্রিক্স উদ্ধার করা হয়।
