সম্প্রতি আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বিপর্যয় ধেয়ে আসছে ভারতের দিকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘূর্ণিঝড় সম্পর্কিত দুর্যোগ নিয়ে বৈঠক ডেকেছেন। বৈঠকে তিনি ঘূর্ণিঝড় মোকাবিলায় করণীয় সম্পর্কে নির্দেশনা দেবেন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।
ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আগামী বৃহস্পতিবার (১৫ জুন) ভারতের গুজরাটের কুচ ও পাকিস্তানের করাচিতে আঘাত হানবে। কুচ থেকে ইতিমধ্যেই সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গুজরাটের জনপ্রিয় তিথাল সৈকতে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া মাছ ধরার নৌকাগুলোকে সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গুজরাটের কুচ, জাম নগর, মোরবি, গির সোমনাথ, পোরবন্দর ও দেবভূমি ডার্কা বিভাগে আগামী ১৩ থেকে ১৫ জুনের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে। তখন বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার হতে পারে বলেও আশংকা করা হচ্ছে।
এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল মুম্বাই বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে বেশ কয়েকটি ফ্লাইট বিলম্বিত বা বাতিল ঘোষণা করা হয়। অন্যদিকে পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।
আগামী ১৩ জুন, সিন্ধু ও মাকরান উপকূলে বজ্রসহ বৃষ্টি হবে বলে জানায় দেশটির আবহাওয়া অধিদফতর।
