লিওনেল মেসিকে দলে ভেড়াতে লোভনীয় প্রস্তাব দিয়েছিল সৌদি আরবের ক্লাব আল হিলাল। তবে সেই লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়ে আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিকে বেছে নিয়েছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। মেসিকে না পেয়ে এবার তার সাবেক সতীর্থ নেইমারকে পেতে চায় আল হিলাল। এক প্রতিবেদনে এমনটায় জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস স্পোর্টস।
প্রতিবেদনে বলা হয়, নেইমারের ঘনিষ্ঠজনদের সঙ্গে আলোচনা করতে প্যারিসে গেছে আল হিলালের প্রতিনিধিদের একটি সিনিয়র দল। অনেক দিন ধরেই গুঞ্জন রয়েছে নেইমারের পিএসজি ছাড়ার।
তবে সৌদি ক্লাব থেকে এখনো আনুষ্ঠানিক প্রস্তাব পাননি নেইমার। ধারণা করা হচ্ছে বার্ষিক ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পেতে পারেন এই ব্রাজিলিয়ান। করিম বেনজেমাকেও এই পরিমাণ অর্থে দলে টেনেছে আল-ইত্তেহাদ। ৩১ বছর বয়সী নেইমার এখনই ইউরোপ ছাড়বে কিনা তা নির্ভর করছে তার ওপর।
নেইমারের পিএসজির সঙ্গে চুক্তি রয়েছে ২০২৫ সাল পর্যন্ত। আর তাই ক্রিশ্চিয়ানো রোনালদো ও বেনজেমার মতো নেইমারকে পাওয়া যাবে না। ফ্রি এজেন্ট হিসেবে এই দুই তারকাকে দলে টেনেছিল আল ইত্তিহাদ ও আল নাসর। নেইমারকে পেতে হলে দিতে হবে ট্রান্সফার ফি।
